পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশবাসীকে বৃক্ষরোপণের আহ্বান জ্বালানি প্রতিমন্ত্রীর
পরিবেশের ভারসাম্য রক্ষার্থে সমাজের সর্বস্তরের মানুষকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় শুধু গাছ লাগালেই হবে না, বরং রোপণকৃত গাছের যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।
শুক্রবার (৩ জুলাই, ২০২৬) সকালে যশোর উপশহরে সোনালী ব্যাংকের নিজস্ব জমিতে আয়োজিত এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। যশোরের সোনালী ব্যাংক জেনারেল ম্যানেজার'স অফিস এই বিশেষ কর্মসূচির আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত দেশের পরিবেশগত উন্নয়নে রাজনৈতিক ও সামাজিক অঙ্গীকারের ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, "১৯৯১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জনগণের ভোটে নির্বাচিত হয়ে বৃক্ষরোপণ কর্মসূচিকে একটি সফল সামাজিক আন্দোলনে রূপ দিয়েছিলেন। এরপর থেকেই প্রতি বছর এই কর্মসূচির পরিধি দেশব্যাপী বিস্তার লাভ করেছে।"
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই এখন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি-বেসরকারি সকল পর্যায়ে আনুষ্ঠানিক পরিবেশ উন্নয়ন ও বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করা হয়েছে।
বক্তব্য শেষে প্রতিমন্ত্রী নিজে একটি ফলজ গাছের চারা রোপণ করে এই বৃক্ষরোপণ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সোনালী ব্যাংক যশোর অঞ্চলের ম্যানেজার ইকবাল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার হক।
এছাড়াও সোনালী ব্যাংক যশোর করপোরেট শাখার ডিজিএম মনিরুল ইসলাম, এজিএম মশিয়ার রহমান, জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন সোনালী ব্যাংক যশোর অঞ্চলের সভাপতি দবীর উদ্দিন ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাজীবসহ ব্যাংকের স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Comments