শাহজালালে বিমানের কার্গো হোল্ডে ৪২ কোটি টাকার ১৯ কেজি সোনার বার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট থেকে প্রায় ১৯ কেজি ওজনের সোনার বার উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এই বিশাল সোনার চালানের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪২ কোটি টাকা। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা কাস্টম হাউস ও একটি সামরিক গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে এই সফলতা আসে।
ঢাকা কাস্টম হাউস সূত্রে জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে চট্টগ্রাম হয়ে রাজধানী ঢাকায় আসে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের 'বিজি-১৪৮' ফ্লাইটটি। আজ সকাল সাড়ে ১০টার দিকে উড়োজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর গোপন সংবাদের ভিত্তিতে যৌথ দল তল্লাশি চালায়।
তল্লাশিকালে উড়োজাহাজটির কার্গো হোল্ড (পণ্য রাখার স্থান) থেকে স্কচটেপ দিয়ে নিখুঁতভাবে মোড়ানো অবস্থায় ১৬০টি সোনার বার উদ্ধার করা হয়।
ঢাকা কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার কামরুল হাসান সংবাদমাধ্যমকে জানান, সোনার বারগুলো সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। কার্গো হোল্ডে এই সোনা কার মাধ্যমে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এই বিপুল পরিমাণ সোনা চোরাচালানের ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
Comments