দুঃসাহসিক বিয়ের প্রস্তাব! রুশ যুগল গ্রেপ্তার
নিউইয়র্কের আকাশচুম্বী ও ঐতিহাসিক স্থাপনা এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় উঠে দুঃসাহসিক কায়দায় বিয়ের প্রস্তাব দিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন এক রুশ যুগল। মাটি থেকে প্রায় ৪৪৩ মিটার (১,৪৫৪ ফুট) উঁচুতে ভবনের মূল অ্যানটেনার ওপর দাঁড়িয়ে ১ জুলাই (বুধবার) তারা এই কাণ্ড ঘটান।
যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যমের হেলিকপ্টার থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, কালো পোশাক পরিহিত ওই যুগল ১০২ তলা ভবনের প্রধান অ্যানটেনার ওপর দাঁড়িয়ে একে অপরকে চুম্বন করছেন। এই বিপজ্জনক উচ্চতায় দাঁড়িয়ে তারা একটি ব্যানারও উন্মোচন করেন, যেখানে লেখা ছিল: "ভালোবাসার শক্তি যখন ক্ষমতার প্রতি মানুষের ভালোবাসাকে পরাজিত করে, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয়।"
সাধারণ মানুষের জন্য উন্মুক্ত অংশের চেয়েও অনেক উঁচুতে অবস্থিত এই অ্যান্টেনায় তারা কীভাবে পৌঁছালেন, তা এখনও স্পষ্ট নয়।
পুলিশের বডি-ক্যামেরার ফুটেজে দেখা যায়, তীব্র বাতাসের মধ্যে এক পুলিশ কর্মকর্তা মই বেয়ে জোরে জোরে নিশ্বাস নিতে নিতে ওই যুগলের কাছে পৌঁছান। পুলিশ কর্মকর্তা তাদের জিজ্ঞেস করেন, "আপনারা কী করছেন?" (বাতাসের তীব্র শব্দে যুগলের উত্তর শোনা যায়নি)। এরপর কর্মকর্তাটি বলেন, ঠিক আছে, আপনারা এখানে থাকতে পারবেন না। এরপর নিচে নামিয়ে এনে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া এই রুশ নাগরিকরা হলেন ভানিয়া বেয়ারকুস ও অ্যাঞ্জেলা নিকোলাউ। নেটফ্লিক্সের এই তারকাযুগল ২০২৪ সালে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া বিখ্যাত প্রামাণ্যচিত্র 'স্কাইওয়াকার্স: আ লাভ স্টোরি'–তে অভিনয় করেছিলেন। শহরের উঁচু ভবনে ওঠার ঝুঁকিপূর্ণ খেলা 'রুফটপিং'এর জন্য তারা বিশ্বজুড়ে পরিচিত।
অ্যাঞ্জেলার বাবা দিমিত্রি নিকোলাউ একজন রুশ সার্কাসশিল্পী। মেয়ের এই ঝুঁকিপূর্ণ কাজে তিনি মোটেও উদ্বিগ্ন নন। রয়টার্সকে তিনি বলেন, "উদ্বিগ্ন হওয়ার কী আছে? আমি নিজেই বিভিন্ন ভবনের ছাদে উঠি। যেকোনো দেশের সংবিধান অনুযায়ী কোনো ভবনের ছাদে ওঠা সম্পূর্ণ স্বাভাবিক বিষয়।"
দিমিত্রি নিকোলাউ বিষয়টিকে স্বাভাবিক বললেও, এম্পায়ার স্টেট বিল্ডিং কর্তৃপক্ষ এটিকে মোটেও স্বাভাবিকভাবে নেয়নি। ভবনের একজন মুখপাত্র এক বিবৃতিতে এই ঘটনাকে সম্পূর্ণ 'অবৈধ' বলে আখ্যা দিয়েছেন। তিনি রসিকতা ও ক্ষোভের সুরে বলেন, বাগ্দান উদ্যাপনের জন্য ওই যুগলের উচিত ছিল অবৈধভাবে চূড়ায় না চড়ে, এক হাজার ডলার খরচ করে আমাদের অফিসিয়াল 'হ্যাপি এভার এম্পায়ার প্রপোজাল প্যাকেজ' কিনে তারপর বিয়ের প্রস্তাব দেওয়া।
Comments