কারাবন্দি সাবেক মন্ত্রী দীপু মনি অসুস্থ, নেওয়া হলো ঢামেকে
মুন্সীগঞ্জ জেলা কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। সোমবার (২৯ জুন) ভোরে তাকে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সোমবার রাত ১:৩০ মিনিটে কারাগারের ভেতর ডা. দীপু মনি অসুস্থতা অনুভব করলে কারা কর্তৃপক্ষ তাকে দ্রুত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সকাল ৮:১৫ মিনিটে মুন্সীগঞ্জের চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় পাঠানো হয়। সকাল সোয়া ৮টার দিকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।
ঢামেক হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে তাকে। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।
মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ জানান,'দীপু মনির দীর্ঘদিন ধরে কিডনি, থাইরয়েড ও অ্যালার্জিজনিত সমস্যা রয়েছে। এসব কারণে তাকে নিয়মিত চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা করাতে হয়। রাতে অসুস্থ বোধ করায় তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ও পরে ঢাকায় পাঠানো হয়েছে।'
অন্যদিকে, মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আরিফুজ্জামান জানিয়েছেন যে, দীপু মনির শারীরিক অবস্থা আশঙ্কাজনক নয়। তবে উন্নত ও সুনির্দিষ্ট চিকিৎসার প্রয়োজন থাকায় তাকে ঢামেক হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা আত্মগোপনে চলে যান। পরবর্তীতে সাবেক মন্ত্রী দীপু মনিকে গ্রেপ্তার করা হয় এবং তখন থেকেই তিনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি রয়েছেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন।
Comments