হযরত শাহজালাল (র.) মাজারের আর্থিক হিসাবে স্বচ্ছতা আনতে নতুন কমিটি
সিলেটের ঐতিহাসিক হযরত শাহজালাল (র.) মাজারের দানের টাকার ব্যবস্থাপনায় পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশাসন ও মাজার কর্তৃপক্ষের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) সিলেট জেলা সার্কিট হাউজে দরগাহর সামগ্রিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ সভা শেষে সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বাণিজ্যমন্ত্রী বলেন, "দরগাহ শরীফের সার্বিক উন্নয়ন, দানের অর্থ ব্যবস্থাপনা এবং অন্যান্য কার্যক্রমকে একটি যৌক্তিক ও গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আর্থিক হিসাবে শতভাগ স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে মাজার কর্তৃপক্ষসহ সবাই একমত হয়েছেন।"
বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে গঠিত এই নতুন কমিটিতে বহুমাত্রিক অংশীজনদের যুক্ত করা হয়েছে। কমিটিতে প্রতিনিধি হিসেবে রয়েছেন, বিভাগীয় ও জেলা প্রশাসন, জেলা পরিষদ এবং পুলিশ প্রশাসন। সিলেট সিটি করপোরেশন (সিসিক) ও সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (এসডিএ), দরগাহ-মসজিদ-মাদরাসা ও মাজারের স্থানীয় প্রতিনিধি দল।
বাণিজ্যমন্ত্রী জানান, এই সমন্বিত কমিটি আগামী এক মাসের মধ্যে মাজারের সার্বিক উন্নয়ন ও অর্থ ব্যবস্থাপনার ভবিষ্যৎ স্থায়ী কর্মপন্থা নির্ধারণ করবে। পুরো প্রক্রিয়ায় যাতে কোনো ধরনের ধোঁয়াশা না থাকে, তা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।
স্থায়ী নীতিমালা প্রণয়ন হওয়ার আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে মাজারের বিদ্যমান কমিটিই নিয়ম অনুযায়ী দানের টাকা গণনা করবে। সংগৃহীত এই অর্থ নির্দিষ্ট ব্যাংক হিসাবে জমা রাখা হবে, যাতে অর্থের প্রতিটি পাই-পয়সার হিসাব সংরক্ষিত থাকে।
এর আগে সিলেট সার্কিট হাউজে সংশ্লিষ্ট সকল পক্ষকে নিয়ে একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে হযরত শাহজালাল (র.) মাজারের শত বছরের আধ্যাত্মিক ঐতিহ্য রক্ষা, বিদ্যমান ব্যবস্থাপনা পদ্ধতি আধুনিকায়ন এবং চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও জনবান্ধব ও কার্যকর করার বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
Comments