জাপান, যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্প: ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা
বিশ্বের তিনটি ভিন্ন অঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। বৃহস্পতিবার (২৫ জুন) সাতসকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পূর্ব এশিয়ার দেশ জাপান। এছাড়া যুক্তরাষ্ট্র ও লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলাতেও তীব্র কম্পন অনুভূত হয়েছে, যার মধ্যে ভেনেজুয়েলায় বড় ধরনের মানবিক বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় জাপানের উত্তর-পূর্বাঞ্চলীয় ইওয়াতে উপকূলের কাছে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৯। দেশটির আবহাওয়া সংস্থার তথ্যমতে, উপকূলীয় শহর কুজি থেকে প্রায় ৪২ কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরের তলদেশের ৫০ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল।
জাপানের নিজস্ব ভূমিকম্প তীব্রতা স্কেলে এটি 'আপার-৬' মাত্রায় রেকর্ড করা হয়েছে (যার সর্বোচ্চ মাত্রা ৭)। ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ভৌগোলিক অবস্থানের কারণে জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। প্রশান্ত মহাসাগরীয় 'রিং অব ফায়ার'-এর ওপর অবস্থিত হওয়ায় দেশটিতে বছরে গড়ে প্রায় ১,৫০০টি ভূমিকম্প হয়। ২০১১ সালের ৯.০ মাত্রার ভূমিকম্প ও সুনামিতে এখানে প্রায় ১৮,৫০০ মানুষ প্রাণ হারিয়েছিলেন।
এদিকে যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার মেনডোসিনো কাউন্টিতে ৫.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার সকালে হওয়া এই কম্পনে বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে। শেরিফ কার্যালয় জানিয়েছে, তীব্র কম্পনে ঘরবাড়ি ও দোকানের তাক থেকে জিনিসপত্র পড়ে গেছে। ভূমিকম্পে কয়েকজন আহত হওয়ার পাশাপাশি প্রায় ৬ হাজার বাসিন্দা বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। ইউএসজিএস জানিয়েছে, আগামী এক সপ্তাহে ওই এলাকায় ৫ বা তার চেয়ে বড় মাত্রার আফটারশকের আশঙ্কা প্রায় ৬ শতাংশ।
সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায়। সেখানে পরপর দুটি অত্যন্ত শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার মাত্রা ছিল যথাক্রমে ৭.২ এবং ৭.৫।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা একটি ভয়াবহ পূর্বাভাস দিয়ে সতর্ক করেছে যে, এই জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০ হাজার থেকে শুরু করে ১ লাখ পর্যন্ত পৌঁছাতে পারে। রাজধানী কারাকাসসহ বিভিন্ন শহরের বহু ভবন ধসে পড়েছে। ক্রমাগত আফটারশক বা অনুকম্পনের কারণে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে এবং দেশটিতে বড় ধরনের মানবিক বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।
Comments