নকল ধরা পড়লে কেন্দ্র প্রধানের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষায় নকলের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো পরীক্ষার্থীর কাছে নকল পাওয়া গেলে তাকে যেমন কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে, ঠিক তেমনি কোনো কেন্দ্রে নকলের ঘটনা ধরা পড়লে সংশ্লিষ্ট কেন্দ্র প্রধান বা প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (২৪ জুন, ২০২৬) রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে ঢাকা, ময়মনসিংহ, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের নিয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় শিক্ষামন্ত্রী জানান, দেশের শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখতে এবং অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে ইতিমধ্যেই আইনি কাঠামোতে পরিবর্তন আনা হয়েছে। জাতীয় সংসদে আগের পরীক্ষা আইন সংশোধন করে বর্তমান সময়ের প্রেক্ষাপটে আরও কঠোর ও সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে। নকল ও প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
মন্ত্রী উল্লেখ করেন, সনাতন পদ্ধতির নকল কমে গেলেও বর্তমানে নকলের ধরন ও কৌশল পরিবর্তন হয়েছে। প্রযুক্তির মাধ্যমে যারা নকলের চেষ্টা বা সহযোগিতা করছে, তাদের রুখতে সাইবার আইনও পরিবর্তন করা হচ্ছে। এর ফলে নকলের পেছনের মূল হোতা ও সহযোগীরা আর পার পাবে না।
দেশের শিক্ষাব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করার জন্য গত ১০ বছর ধরে একটি গভীর ষড়যন্ত্র চলছে মন্তব্য করে শিক্ষামন্ত্রী আসন্ন পরীক্ষাগুলো সম্পূর্ণ সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কেন্দ্র সচিব ও পরীক্ষা সংশ্লিষ্টদের সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
Comments