২০ জুলাই এসএসসির ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (২৩ জুন) চট্টগ্রাম কলেজ মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম-এর কর্মকর্তা এবং চট্টগ্রাম অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই সিদ্ধান্তের কথা জানান। এর আগে গত ৮ জুন এক সংবাদ সম্মেলনেও ২০ জুলাই ফল প্রকাশের সম্ভাব্য তারিখ উল্লেখ করেছিলেন মন্ত্রী।
ফলাফলের স্বচ্ছতা ও সঠিক মূল্যায়ন নিশ্চিত করতে শিক্ষামন্ত্রী বলেন, "সব বোর্ডের খাতা আমরা রেন্ডমলি (এলোমেলোভাবে) পরীক্ষা করে দেখব, মূল্যায়নে কেউ কম বা বেশি নম্বর দিল কিনা তা যাচাই করার জন্য।"
উল্লেখ্য, গত ২১ এপ্রিল দেশব্যাপী একযোগে এই বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ২০ মে। পরবর্তীতে ৭ থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার মাদ্রাসা ও কারিগরিসহ মোট ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন।
Comments