ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর জামায়াত নেতাকর্মীদের হামলা, আহত ২
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের 'আওয়ামী দোসর' আখ্যা দিয়ে মারধর করার অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। আজ মঙ্গলবার (২৩ জুন) সকালে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের একটি বিক্ষোভ মিছিল শেষে এই অপ্রীতিকর ঘটনা ঘটে।
হামলায় যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রাব্বী সিদ্দিকী এবং দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশির গুরুতর আহত হয়েছেন।
জানা যায়, আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় আওয়ামী লীগ বিরোধী একটি বিক্ষোভ মিছিল বের করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোন। মিছিল শেষে বক্তব্য দেওয়ার একপর্যায়ে উপস্থিত গণমাধ্যমকর্মীদের 'আওয়ামী দোসর' বলে আখ্যা দেওয়া হয়। কয়েকজন সাংবাদিক এর তীব্র প্রতিবাদ জানালে জামায়াত নেতাকর্মীদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়।
বাগবিতণ্ডার একপর্যায়ে জামায়াত কর্মীরা সাংবাদিকদের ওপর চড়াও হন এবং এলোপাতাড়ি মারধর শুরু করেন। হামলায় রাব্বী সিদ্দিকী ও মাহফুজুর রহমান শিশির রক্তাক্ত জখম হন। পরে উপস্থিত অন্য সাংবাদিকরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে ধানমন্ডি থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য মুজিবুর রহমান খান দুঃখ প্রকাশ করে ঘটনাটিকে 'অনাকাঙ্ক্ষিত' বলে উল্লেখ করেন। তিনি বলেন, "আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে কিছু বহিরাগত প্রবেশ করে এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে থাকতে পারে।"
Comments