শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেলে ইট নিক্ষেপ: ১৩ দিন পর তরুণের মৃত্যু
রাজধানীর পূর্ব শেওড়াপাড়ায় পূর্বশত্রুতার জেরে চলন্ত মোটরসাইকেলে ইট নিক্ষেপের ঘটনায় গুরুতর আহত তরুণ সাজিদ চৌধুরী রাফি (২১) মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার (২২ জুন) সকালে তাঁর মৃত্যু হয়।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, টানা ১৩ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে রাফি মারা গেছেন। এই ঘটনায় থানায় আগে দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলাটি এখন নিয়মিত হত্যা মামলায় রূপান্তরিত হবে। নিহতের মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ জুন দিবাগত রাত সোয়া ১টার দিকে পূর্ব শেওড়াপাড়া বাসস্ট্যান্ডের ১০০ গজ পূর্ব পাশে ইব্রাহিমপুর পাকা রাস্তা দিয়ে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন রাফি। এ সময় পূর্বশত্রুতার জেরে তাঁর পরিচিত কয়েকজন ব্যক্তি চলন্ত মোটরসাইকেল লক্ষ্য করে ভারী ইট নিক্ষেপ করে। ইটের আঘাতে গুরুতর আহত হলে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনার পর রাফির চাচা নূর হোসেন বাদী হয়ে কাফরুল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেছিলেন।
হত্যাকাণ্ডের এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. পারভেজ (৩০),আনোয়ার হোসেন বাবু (৩২) এবং মো. ফয়সাল ওরফে কালু (২৭)
পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদের আইনের আওতায় আনতে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।
Comments