রংপুর ও সিলেটে স্বল্পমেয়াদি বন্যার পূর্বাভাস: ভারী বৃষ্টির শঙ্কা
দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং ভারতের উজানে আগামী ১০ দিনে স্বাভাবিকের চেয়ে বেশি ও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এর ফলে রংপুর বিভাগ ও সিলেট অঞ্চলের কয়েকটি জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
শনিবার কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান স্বাক্ষরিত সাপ্তাহিক পানি সমতল সম্পর্কিত এক ধারণাগত পূর্বাভাসে এই সতর্কবার্তা দেওয়া হয়।
আগামী সাত দিনের মধ্যে দেশের বেশ কিছু নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। রংপুর বিভাগ: রংপুর, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা হতে পারে। সিলেট বিভাগ: সিলেট ও সুনামগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা নদীসংলগ্ন নিম্নাঞ্চল স্বল্পমেয়াদি বন্যার ঝুঁকিতে রয়েছে। ময়মনসিংহ বিভাগ: নেত্রকোণা, ময়মনসিংহ ও শেরপুর জেলার ভুগাই-কংস ও সোমেশ্বরী নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কিছু কিছু জায়গা সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
দেশের প্রধান নদীগুলোর মধ্যে ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা এই নদীগুলোর পানি সামগ্রিকভাবে বাড়লেও তা বিপৎসীমার নিচ দিয়েই প্রবাহিত হতে পারে। পূর্বাঞ্চলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এই বিভাগের নদীগুলোর পানি আগামী সাত দিনে বিভিন্ন সময়ে দ্রুত বৃদ্ধিসহ সামগ্রিকভাবে বাড়তে পারে।
বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অধিদপ্তরসহ বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর তথ্যের ভিত্তিতে জানানো হয়েছে যে, বিগত সাত দিনে এই অঞ্চলগুলোতে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে। বন্যা পরিস্থিতি বিবেচনায় রেখে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সার্বক্ষণিক সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
Comments