ঝুঁকি জেনেও কেন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহু?
ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সর্বশেষ যুদ্ধবিরতি ঘোষণার পর থেকেই লেবাননে তীব্র হামলা অব্যাহত রেখেছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। যুদ্ধবিরতির শুরুর মাত্র একদিনেই অন্তত ১৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। তবে এ সংখ্যা হুরহুর করেই বাড়ছে বলে জানা গেছে। এ অবস্থায় ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালন সতর্ক করে বলেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সরকারের নীতির কারণে দেশকে চড়া মূল্য দিতে হচ্ছে।
দেশটির চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন বলে জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আলজাজিরা। সাক্ষাৎকারে ইয়ালন বলেন, 'নেতানিয়াহু ও তার সরকারের বিভ্রান্তিকর কল্পনার মূল্য এখন ইসরায়েলকে দিতে হচ্ছে।
তিনি দাবি করেন, ২০২৪ সালের অক্টোবরেই লেবাননের সঙ্গে আলোচনায় বসা উচিত ছিল। কিন্তু রাজনৈতিক কারণে তা না হওয়ায় সংঘাত অব্যাহত রয়েছে এবং ইসরায়েলি সেনারা প্রাণ হারাচ্ছেন।
জোট টেকাতে যুদ্ধ?
ইয়ালনের ভাষায়, 'ব্যক্তিগত ও দলীয় রাজনৈতিক স্বার্থের কারণে সেনাদের মৃত্যু অব্যাহত রয়েছে।' এ ছাড়া নেতানিয়াহু তার ডানপন্থী ও কট্টরপন্থী জোটকে অক্ষত রাখতে যুদ্ধ দীর্ঘায়িত করছেন বলে অভিযোগ তুলেছেন সাবেক এই প্রতিরক্ষামন্ত্রী।
তিনি বলেন, 'নেতানিয়াহু তার উগ্রপন্থী জোটকে নিরাপদ রাখতে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন।' ইসরায়েলে সম্ভাব্য নির্বাচনকে সামনে রেখে ইয়ালন আরো বলেন, 'বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের ভবিষ্যৎ নিয়ে গুরুতর উদ্বেগ রয়েছে।'
তিনি বলেন, 'আমরা নির্বাচনের দিকে এগোচ্ছি। এর পরও যদি বর্তমান অবস্থা চলতে থাকে, তাহলে আমাদের আর কোনো রাষ্ট্রই অবশিষ্ট থাকবে না।'
ইসরায়েলের শক্তির জোগান
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক ও কৌশলগত সহায়তা ছাড়া ইসরায়েল মধ্যপ্রাচ্যে টিকে থাকতে পারত না।
Comments