মেসির বাবার মৃত্যুর ভুয়া খবর প্রচার: চাকরিচ্যুত সাংবাদিক দল
২০২৬ বিশ্বকাপের জমজমাট আসরের মধ্যেই একটি ভুয়া খবরের জেরে তোলপাড় সৃষ্টি হয়েছে আর্জেন্টিনার মিডিয়াপাড়ায়। আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসির বাবাকে জড়িয়ে মৃত্যুর ভুয়া খবর প্রচার করার অপরাধে দেশটির একটি জনপ্রিয় স্ট্রিমিং চ্যানেলের পুরো টিমকে তাৎক্ষণিকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
চলমান বিশ্বকাপের সংবাদ কাভার করার সময় আর্জেন্টিনার জনপ্রিয় স্ট্রিমিং চ্যানেল 'লুজু টিভি' (Luzu TV) লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুর এই অসত্য খবরটি প্রচার করে। এর জেরে চ্যানেল কর্তৃপক্ষ তাদের 'এল শো দেল বেরানো' অনুষ্ঠানের মূল সঞ্চালক ফ্লোরেনসিয়া পিনিয়াসহ পুরো অনুষ্ঠান দলটিকে একযোগে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে।
ঘটনার দিন লাইভ অনুষ্ঠান চলাকালীন সঞ্চালক ফ্লোরেনসিয়া পিনিয়া হঠাৎ করেই সম্প্রচার থামিয়ে দেন। অত্যন্ত গম্ভীর মুখে তিনি দর্শকদের উদ্দেশ্যে দাবি করেন, লিওনেল মেসির বাবা হোর্হে মেসি নাকি কিছুক্ষণ আগে মারা গেছেন। এখানেই শেষ নয়; তিনি আরও যোগ করেন যে, বাবার শেষকৃত্যে অংশ নিতে অধিনায়ক মেসি যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ ক্যাম্প ছেড়ে এখনই আর্জেন্টিনার উদ্দেশ্যে রওনা দেবেন।
বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরের মাঝে এমন সংবেদনশীল খবর মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মাঝে বিভ্রান্তি ও উদ্বেগের সৃষ্টি করে।
এই ঘটনার পর মেসির পরিবারের পক্ষ থেকে তীব্র অসন্তোষ প্রকাশ করে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে জানানো হয়, হোর্হে মেসি বর্তমানে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে আছেন, তিনি সুস্থ হয়ে উঠছেন এবং তাঁর শারীরিক অবস্থার ইতিবাচক উন্নতি হচ্ছে।
মেসির পরিবারের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়,'গত কয়েক ঘণ্টায় যে ধরনের দাবি, গুজব ও অনুমানভিত্তিক খবর ছড়ানো হয়েছে, তাতে আমরা গভীরভাবে হতাশ। এটি সম্পূর্ণ একটি ব্যক্তিগত ও পারিবারিক বিষয় হওয়া সত্ত্বেও কিছু গণমাধ্যমকর্মী ও মানুষ যে সংবেদনশীলতা, সম্মানবোধ ও ন্যূনতম বিবেচনার অভাব দেখিয়েছেন, তাতে আমরা অত্যন্ত অসন্তুষ্ট।"
বিবৃতিতে তারা আরও স্পষ্ট করেন যে, হোর্হে মেসির শারীরিক অবস্থা সম্পর্কে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য কেবল তাঁর নিকটতম পরিবারের সদস্যদের কাছেই রয়েছে। পরিবার বা আনুষ্ঠানিক মাধ্যম থেকে প্রকাশিত নয়—এমন কোনো তথ্যকে সত্য বলে গণ্য না করার অনুরোধ জানিয়ে সবাইকে দায়িত্বশীলতা, সংযম ও মানবিকতা প্রদর্শনের আহ্বান জানানো হয়।
চাকরি খোয়ানোর পর এবং বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়ে সঞ্চালক ফ্লোরেনসিয়া পিনিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। নিজের ভুলের দায় স্বীকার করে তিনি লিওনেল মেসি ও তাঁর পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ ও ক্ষমা চেয়েছেন। তবে বিশ্বকাপের মতো বড় মঞ্চে এমন দায়িত্বজ্ঞানহীন সাংবাদিকতা ফুটবল বিশ্বে কড়া সমালোচনার জন্ম দিয়েছে।
Comments