আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, প্রমাণ তাকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল এবং কোটি কোটি টাকার প্রলোভন সংক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন। তিনি পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছেন, 'আমি কেন মন্ত্রীর পেছনে ঘুরব? মন্ত্রী যদি এ বিষয়ে কিছু বলে থাকেন, তবে সেটির প্রমাণ দেওয়ার দায়িত্বও তার।'
সোমবার (১৫ জুন, ২০২৬) বিকেলে মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার তদন্ত ও পরবর্তী ব্যবস্থা গ্রহণ নিয়ে গত শনিবার স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল মন্তব্য করেছিলেন, আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে আমার পেছনে ঘুরেছে। আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় টাকার প্রতি কোনো লোভ হয়নি আমার। আমাকে প্রধানমন্ত্রী বলেছেন, আপনি যা করবেন, পূর্ণ সমর্থন দেব। আমি (হাসপাতালের) লাইসেন্স বাতিল করে দিয়েছি।"
মন্ত্রীর এই অভিযোগকে ভিত্তিহীন দাবি করে ডা. শেখ মহিউদ্দিন সংবাদ সম্মেলনে বলেন, 'মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘোরার কোনো কারণ আমাদের নেই। তার দেওয়া এই বক্তব্যের সপক্ষে তাকেই প্রমাণ হাজির করতে হবে।'
ছয় নবজাতকের মৃত্যুর প্রেক্ষাপটে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক হাসপাতালের নিবন্ধন বাতিলের সিদ্ধান্তের বিষয়ে ডা. মহিউদ্দিন জানান, হাসপাতালের নিবন্ধন বাতিলের যে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার বিরুদ্ধে তারা আইনি লড়াই চালিয়ে যাবেন। আগামীকাল মঙ্গলবার (১৬ জুন) আদ্-দ্বীন ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে আপিল করা হবে।
সংবাদ সম্মেলনে হাসপাতালের পক্ষ থেকে দাবি করা হয়, নবজাতকদের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক হলেও প্রশাসনিকভাবে সরাসরি নিবন্ধন বাতিলের সিদ্ধান্তটি নিয়মমাফিক হয়নি। তারা আপিল প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচার পাওয়ার আশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে স্বাস্থ্য মন্ত্রণালয় ও আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে, যা এখন লাইসেন্স বাতিল ও দুর্নীতির পাল্টা-পাল্টি অভিযোগে রূপ নিয়েছে।
Comments