আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল: সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত এবং ১৯৮২ সালের সংশ্লিষ্ট অধ্যাদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনূছ আলী আকন্দ আজ সোমবার (১৫ জুন) জনস্বার্থে এই রিট আবেদনটি করেন।
আইনজীবী ইউনূছ আলী আকন্দ গণমাধ্যমকে জানিয়েছেন, বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনের ওপর শুনানি হতে পারে।
রিট আবেদনে স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি যে আইনের অধীনে এই ব্যবস্থা নেওয়া হয়েছে— অর্থাৎ '১৯৮২ সালের মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিন্যান্স'— সেটিও চ্যালেঞ্জ করা হয়েছে।
গত ২৭ মে (ঈদের আগের দিন) সকালে মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে শ্বাসকষ্ট ও ছটফটানিতে আক্রান্ত হয়ে একে একে ছয়টি নবজাতক মারা যায়। এই মর্মান্তিক ঘটনার পর স্বাস্থ্য মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে।
তদন্ত কমিটির প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের চরম 'অবহেলার' প্রমাণ পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ওয়ার্ডে অতিরিক্ত মানুষের উপস্থিতি, দীর্ঘ সময় এসি বন্ধ থাকা, বিকল্প কোনো ভেন্টিলেশন বা বাতাস চলাচলের ব্যবস্থা না থাকা এবং এর ফলে বাতাসে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ অতিরিক্ত বেড়ে যাওয়াই শিশুগুলোর মৃত্যুর প্রধান কারণ।
এই ঘটনার প্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় গত ১১ জুন স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালটির লাইসেন্স বাতিল করে। অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছিল, হাসপাতাল কর্তৃপক্ষ চাইলে আগামী ৩০ দিনের মধ্যে এই বাতিল আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবে। তবে আপিলের আগেই আজ এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করা হলো।
Comments