খুলনায় নিজ বাড়ির কাছে বিএনপি কর্মীকে গুলি করে হত্যা
খুলনার লবণচরা এলাকায় গাজী রফিক (৪৫) ওরফে 'ঢাকাইয়া রফিক' নামে এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে লবণচরার দশগেট এলাকায় নিজ বাড়ির কাছে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত রফিক দক্ষিণ লবণচরার মাথাভাঙ্গা এলাকার রতন গাজীর ছেলে। তিনি বটিয়াঘাটা ইউনিয়ন বিএনপির সক্রিয় সদস্য ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর সাড়ে ১২টার দিকে রফিক তাঁর বাড়ির পাশে একটি দোকানে বসেছিলেন। এ সময় মোটরসাইকেলে করে হেলমেট পরিহিত এক যুবক সেখানে আসে এবং রফিককে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছোড়ে। একটি গুলি তাঁর পেটে বিদ্ধ হলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের বিষয়ে নিহতের স্ত্রী জানান, তাঁর বড় ছেলে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। তাকে খুঁজতে বের হয়ে না পেয়ে রফিক বাড়ির পাশের দোকানে অপেক্ষা করছিলেন। ঠিক সেই মুহূর্তেই অজ্ঞাতনামা দুর্বৃত্তরা এসে তাঁকে গুলি করে। তাঁর স্বামী বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলেও নিশ্চিত করেন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আলামত সংগ্রহ ও তদন্তের কাজ চলছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন জানান, হত্যাকাণ্ডের খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনার পর থেকে এলাকার সব দোকানপাট বন্ধ রয়েছে এবং পুরো এলাকায় একধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে হত্যাকাণ্ড সম্পর্কে তাৎক্ষণিকভাবে স্থানীয় কেউ মুখ খুলতে বা তথ্য দিতে চাচ্ছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
Comments