মেক্সিকোতে প্রকাশ্য দিবালোকে সাংবাদিককে গুলি করে হত্যা
মেক্সিকোর ভেরাক্রুজ অঙ্গরাজ্যে বন্দুকধারীদের অতর্কিত হামলায় লুইস অ্যাঞ্জেল লোপেজ ভালদেজ নামে এক ক্রাইম রিপোর্টার নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) ভোরে পোজা রিকা শহরের কোলোনিয়া কাজোনেস এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
তিনি স্থানীয় সংবাদমাধ্যম 'ভ্যানগার্ডিয়া ডি ভেরাক্রুজ'-এ পুলিশ ও আদালত সংক্রান্ত সংবাদ কভার করতেন।
আনাদোলু এজেন্সির বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, বৃহস্পতিবার সকালে লোপেজ ভ্যালদেজ গাড়ি চালিয়ে পোজা রিকা শহরের মধ্য দিয়ে যাচ্ছিলেন। এ সময় একদল সশস্ত্র বন্দুকধারী তার পথরোধ করে এবং তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছাড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এই ঘটনার পর এক বিবৃতিতে 'ভ্যানগার্ডিয়া ডি ভেরাক্রুজ' কর্তৃপক্ষ তীব্র ক্ষোভ প্রকাশ করে জানায় , আমাদের প্রতিবেদকের হত্যার ঘটনায় দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। এই জঘন্য অপরাধ কোনোভাবেই যেন শাস্তিহীন পার পেয়ে না যায়।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনার পরপরই হামলাকারীদের শনাক্ত করতে এবং মোটিভ উদঘাটনে মাঠে নেমেছে পুলিশ।
মেক্সিকোর ভেরাক্রুজ অঙ্গরাজ্যটি গণমাধ্যমকর্মীদের জন্য অন্যতম বিপজ্জনক অঞ্চল হিসেবে পরিচিত। আন্তর্জাতিক মানবাধিকার ও সাংবাদিকদের অধিকারবিষয়ক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (RSF)-এর পরিসংখ্যান অনুযায়ী: ২০০০ সালের পর থেকে মেক্সিকোতে এখন পর্যন্ত ১৫০ জনেরও বেশি সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এখনও সন্ধান মেলেনি আরও ২৮ জন গণমাধ্যমকর্মীর।
উচ্চ অপরাধ প্রবণতা এবং বিচারহীনতার সংস্কৃতির কারণে মেক্সিকোকে বর্তমান বিশ্বের বুকে সাংবাদিকতার জন্য অন্যতম প্রাণঘাতী ও ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বিবেচনা করা হয়।
Comments