আদ্-দ্বীন হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: শিশির মনির
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স কর্তৃপক্ষ বাতিল করেনি, বরং বাতিল করা হয়েছে প্রতিষ্ঠানটির প্যাথলজি সেন্টারের লাইসেন্স—এমনটাই দাবি করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান। একই সাথে কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে 'অবহেলা নাকি সুচিন্তিত' তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
ফেসবুক পোস্টে প্রমাণ হিসেবে লাইসেন্সের কপি যুক্ত করে আইনজীবী শিশির মনির জানান, প্রতিষ্ঠানটির নামে দুটি আলাদা লাইসেন্স রয়েছে:
প্রথম লাইসেন্সটি হাসপাতাল পরিচালনার জন্য, যার নম্বর HSM 4310058 (To set up and run a hospital/clinic)। এটি বাতিল করা হয়নি। দ্বিতীয় লাইসেন্সটি প্যাথলজি সেন্টারের জন্য, যার নম্বর HSM 4310059 (To set up and run a pathology Center)। মূলত এই লাইসেন্সটিই বাতিল করা হয়েছে।
পোস্টে ঘটনার বিবরণ দিয়ে এই আইনজীবী বলেন, গত ৪ জুন ২০২৬ তারিখে কর্তৃপক্ষ একটি কারণ দর্শানো নোটিশ জারি করে। ওই নোটিশে শুধুমাত্র প্যাথলজি সেন্টারের লাইসেন্স নম্বরটির (HSM 4310059) উল্লেখ ছিল এবং ৭২ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছিল। পরবর্তীতে জবাব দাখিলের জন্য আরও ৪৮ ঘণ্টা সময় চেয়ে নিয়ে যথাসময়ে জবাব দেওয়া হয়।
এরপর গতকাল (বৃহস্পতিবার) লাইসেন্সটি বাতিল করা হয় এবং আইন অনুযায়ী ৩০ দিনের মধ্যে আপিল করার সুযোগ দেওয়া হয়েছে।
হাসপাতাল ও প্যাথলজি সেন্টারের লাইসেন্স গুলিয়ে ফেলার এই ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে শিশির মনির লেখেন:"এখন আপনারাই বিচার করেন কী হলো? কোনটা বাতিল হলো? হাসপাতাল, ক্লিনিক নাকি প্যাথলজি সেন্টার? কর্তৃপক্ষই ভালো বলতে পারবেন। এটা অবহেলা নাকি ইচ্ছাকৃত? অবহেলা হলে কেমন ধরনের অবহেলা? বিচারের ভার আপনাদের ওপর রইল।"
Comments