এটি একটি চিন্তাশীল বাজেট, তবে বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ: দেবপ্রিয় ভট্টাচার্য
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে একটি অত্যন্ত 'চিন্তাশীল বাজেট' বলে অভিহিত করেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য। আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের পর গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন।
ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাজেট পেশকালে এর নীতি-কাঠামো মোটামুটিভাবে স্পষ্টভাবে তুলে ধরেছেন অর্থমন্ত্রী। সামগ্রিক বিশ্লেষণ থেকে আমার কাছে মনে হয়েছে, অন্য যেকোনো সময়ের চেয়ে এবার বেশ ভেবেচিন্তে একটি চিন্তাশীল বাজেট তৈরি করা হয়েছে। এই বাজেটের মূল নীতি-কাঠামোয় দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা আনয়নের জন্য এক বছরের একটি সময়সীমার কথা বলা হচ্ছে। এর পাশাপাশি পরবর্তী ৩ বছর অর্থনীতি পুনরুদ্ধার এবং আরও ১ বছর অর্থনীতি বিনির্মাণের একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে।
অর্থনীতিতে চলমান স্থবিরতা কাটিয়ে পুনরায় গতি বা চাঞ্চল্য ফিরিয়ে আনতে এবারের বাজেটে বিনিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক উদারীকরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে বলে উল্লেখ করেন এই অর্থনীতিবিদ।
তবে এই নীতিগত উদ্যোগগুলোর সফল বাস্তবায়ন নিয়ে কিছুটা শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, যেকোনো ভালো নীতি-কাঠামো বাস্তবে রূপ দিতে হলে একটি শক্তিশালী আর্থিক কাঠামো জরুরি, যেখানে এবারের বাজেটে বড় আকারে বিদেশি ঋণের ওপর নির্ভরতার কথা বলা হয়েছে। সেই হিসেবে এই বিশাল বাজেট বাস্তবায়ন করাই শেষ পর্যন্ত সরকারের জন্য সবচেয়ে বড় বিষয় বা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই সুবিশাল বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় এবং দেশের ৫৫তম জাতীয় বাজেট। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের এটিই প্রথম উত্থাপিত বাজেট।
Comments