পরিবেশ রক্ষায় প্রতিটি শিশুর জন্য একটি করে গাছ রোপণের ঘোষণা
পরিবেশ সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে নাগরিক দায়িত্ববোধ জোরদারে 'ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি' (এক শিশু, এক গাছ) কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় এই পরিবেশবান্ধব ও দূরদর্শী পরিকল্পনার কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, খুদে নাগরিকদের মনে পরিবেশের প্রতি ভালোবাসা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে প্রতিটি শিশুর জন্য একটি করে গাছ রোপণের বিশেষ উদ্যোগ নেওয়া হবে। এর পাশাপাশি শিক্ষার্থীদের জলবায়ু সচেতনতা, পরিবেশ সংরক্ষণ, স্থানীয় পরিচ্ছন্নতা কার্যক্রম, খাল খনন এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত করা হবে। একই সাথে দুর্যোগ ব্যবস্থাপনা ও দুর্যোগ প্রতিরোধ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মাঝে পোষ্য প্রাণী পালনে উৎসাহ দেওয়ার কথাও তিনি তাঁর বক্তৃতায় উল্লেখ করেন।
শিক্ষা খাতে বড় অঙ্কের বরাদ্দ বৃদ্ধি
পরিবেশ সচেতনতা ও আধুনিক শিক্ষায়নে জোর দেওয়ার পাশাপাশি এবারের বাজেটে শিক্ষা খাতে বড় ধরনের বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। নতুন ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষা খাতে মোট ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা দেশের মোট জিডিপির ২ শতাংশ। উল্লেখ্য, চলতি অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ৮৭ হাজার ২০৬ কোটি টাকা (জিডিপির ১ দশমিক ৩৯ শতাংশ)। সেই তুলনায় নতুন বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ এক লাফে প্রায় ৫০ হাজার কোটি টাকা বেড়েছে।
শিক্ষা খাতের তিন বিভাগে প্রস্তাবিত বরাদ্দ:
-
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ: ৫৭ হাজার ৩০২ কোটি টাকা।
-
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়: ৪৬ হাজার ৭৩৮ কোটি টাকা।
-
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ: ১৮ হাজার ৪৫৭ কোটি টাকা।
Comments