১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়ন হবে নতুন বেতন কাঠামো; ঘোষণা আসছে বাজেটে
সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো (পে-স্কেল) আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়নের ঘোষণা দিতে যাচ্ছে সরকার। আর মাত্র কিছুক্ষণ পর, আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই ঐতিহাসিক ঘোষণা দেবেন। অর্থ মন্ত্রণালয় সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যে সরকারি কর্মচারীদের এই স্বস্তির খবরের বিষয়ে বলা হয়েছে, 'সরকারি কর্মচারীরা বিগত প্রায় ১১ বছর যাবত একই বেতন কাঠামোতে বেতন-ভাতা পাচ্ছেন। ইতোমধ্যে মূল্যস্ফীতিজনিত কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো আগামী ১ জুলাই ২০২৬ হতে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছি।'
নতুন বেতন কাঠামো আংশিকভাবে বাস্তবায়নের ঘোষণা থাকলেও আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ মোট ৮৯ হাজার ৩৮০ কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। (চলতি ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটে এই খাতে বরাদ্দ ছিল ৮৪ হাজার ১১৪ কোটি টাকা, যা সংশোধিত বাজেটে ৮৪ হাজার ৭৩৯ কোটি টাকা করা হয়)।
বেতন-ভাতার মোট বরাদ্দের মধ্যে ক্যাডার কর্মকর্তাদের বেতনের জন্য ১৩ হাজার ৮৭৪ কোটি টাকা, কর্মচারীদের বেতনের জন্য ৩০ হাজার ৬৭১ কোটি টাকা এবং বিভিন্ন ধরনের ভাতা বাবদ ৪৪ হাজার ৮৩৫ কোটি টাকা রাখা হয়েছে।
সরকার এবার জনপ্রশাসন খাতে ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা বরাদ্দ দিতে যাচ্ছে, যা চলতি অর্থবছরের সংশোধিত বরাদ্দের (৮৬ হাজার ৮৬২ কোটি টাকা) তুলনায় প্রায় ৫৫ হাজার কোটি টাকা বা মূল বাজেটের তুলনায় ৯৬ শতাংশ বেশি।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জনপ্রশাসন খাতের এই অতিরিক্ত বরাদ্দের পুরো অর্থ শুধু সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধিতে ব্যয় হবে না। এই বিশাল বরাদ্দের আওতায় সরকারের নতুন জনবল নিয়োগ, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন বৃদ্ধি এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের জন্য অতিরিক্ত সুবিধাও অন্তর্ভুক্ত থাকবে।
নতুন এই বেতন স্কেল পুরোপুরি কার্যকর করতে সরকারের প্রায় তিন অর্থবছর পর্যন্ত সময় লাগতে পারে। তবে প্রথম ধাপ হিসেবে আগামী ২০২৬-২৭ অর্থবছরেই কর্মচারীদের সংশোধিত মূল বেতনের ৫০ শতাংশ কার্যকর হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
Comments