একনেকে ৩,৮৯০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ৩ হাজার ৮৯০ কোটি ৯৭ লাখ টাকা ব্যয় সংবলিত ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (৯ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান।
অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন (জিওবি) ৩ হাজার ৮১০ কোটি ৬২ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন ধরা হয়েছে ৮০ কোটি ৩৫ লাখ টাকা। ১০টি প্রকল্পের মধ্যে ৫টি নতুন, ৩টি সংশোধিত এবং ২টি মেয়াদ বৃদ্ধি পাওয়া প্রকল্প রয়েছে।
সভায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ মন্ত্রিসভার সদস্য এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আজকের সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে গুরুত্বপূর্ণ যেসব প্রকল্প অনুমোদন পেয়েছে, সেগুলোর খাতভিত্তিক বিবরণ নিচে দেওয়া হলো:
যোগাযোগ ও অবকাঠামো: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে 'আনোয়ারা-বাঁশখালী-টইটং-পেকুয়া-বদরখালী-চকরিয়া (ঈদমনি) আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন' প্রকল্প। এছাড়া স্থানীয় সরকার বিভাগের অধীনে 'ময়মনসিংহ সিটি করপোরেশনের নগর ভবন নির্মাণ' এবং ভূমি মন্ত্রণালয়ের 'সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ' প্রকল্প।
স্বাস্থ্য ও প্রতিরক্ষা: স্বাস্থ্য খাতের উন্নয়নে 'বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ প্রকল্প-২' এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে 'ঢাকা সিএমএইচে ক্যান্সার সেন্টার নির্মাণ (দ্বিতীয় পর্যায়)' প্রকল্প।
শিক্ষা ও মাদ্রাসা: শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে 'মাদ্রাসা এডুকেশন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (এমইএমআইএস) সাপোর্ট' এবং দেশের ৬৫৩টি মাদ্রাসায় 'মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন' প্রকল্পের সংশোধিত সংস্করণ।
বিদ্যুৎ ও জ্বালানি: বিদ্যুৎ খাতের সক্ষমতা বাড়াতে 'বিদ্যমান গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের ক্ষমতাবর্ধন' প্রকল্প।
কৃষি ও জনপ্রশাসন: পানিসম্পদ মন্ত্রণালয়ের 'বরিশাল সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন (প্রথম পর্যায়)' এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে 'বাংলাদেশের ৩৩টি জেলায় সার্কিট হাউজ ও জেলা প্রশাসকের কার্যালয়ে লিফট সংযোজন' প্রকল্প।
একনেকের মূল আলোচ্যসূচিতে থাকলেও দীর্ঘ বিলম্বের কারণে 'খুলনা শিপইয়ার্ড সড়ক (তৃতীয় সংশোধন)' প্রকল্পটি অনুমোদন দেয়নি কমিটি। প্রকল্পটির বাস্তবায়নে কেন এত দীর্ঘ বিলম্ব হলো, তার কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তদন্ত ও বিস্তারিত পর্যালোচনার পর এই প্রকল্পটির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
অন্যদিকে, বহুল আলোচিত 'চীনা ইকোনমিক জোন' প্রকল্পটি সময়ের স্বল্পতার কারণে মঙ্গলবারের সভায় আলোচনা করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগামী একনেক সভায় প্রকল্পটি পুনরায় উত্থাপন করা হতে পারে এবং তখনই এর অনুমোদনের বিষয়টি বিবেচনা করা হবে।
অবহিত করা আরও ৬ প্রকল্প
সভায় পরিকল্পনা মন্ত্রীর মাধ্যমে ইতোমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয় সংবলিত আরও ছয়টি প্রকল্প সম্পর্কে একনেক কমিটিকে অবহিত করা হয়। প্রকল্পগুলো হলো— ৩০টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন উন্নয়ন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা ও যানজট নিরসন, ডাকসেবা সম্প্রসারণ, ঢাকা সেনানিবাসে এমইএস ট্রেনিং সেলের অবকাঠামো সম্প্রসারণ, বাল্যবিবাহ প্রতিরোধ কর্মসূচির দ্বিতীয় পর্যায় এবং খুলনায় পাইকগাছা কৃষি কলেজ স্থাপন প্রকল্প।
Comments