বাংলাদেশ-তুরস্ক সাংস্কৃতিক বিনিময় সমঝোতা স্মারক সই
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় সম্পর্কিত একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। আজ শুক্রবার (৫ জুন) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে এই চুক্তি সই হয়।
এর আগে সকালে দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল এক যৌথ বৈঠকে মিলিত হন। এরপর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী একান্ত বৈঠকে বসেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বৈঠক শেষে এই গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তিন দিনের সরকারি সফরে গত বৃহস্পতিবার (৪ জুন) রাতে ঢাকায় পৌঁছান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সফরের দ্বিতীয় দিন অর্থাৎ আজ শুক্রবার তার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি বলপ্রয়োগপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করবেন।
সফরের শেষ দিন, আগামীকাল শনিবার (৬ জুন) ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে নতুন সরকার গঠনের পর দুই দেশের মধ্যে এটিই প্রথম কোনো উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক সফর। এর আগে গত এপ্রিল মাসে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের আমন্ত্রণে আঙ্কারা সফর করেছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সেই সফরের ধারাবাহিকতায় এবার তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর এই ঢাকা সফর দুই বন্ধুপ্রতিম দেশের সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নেবে বলে আশা করা হচ্ছে।
Comments