আমি মন্ত্রী থাকলে মালয়েশিয়ায় কোনো সিন্ডিকেট হবে না: প্রবাসী কল্যাণমন্ত্রী
মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর ক্ষেত্রে কোনো ধরনের সিন্ডিকেটের সুযোগ দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, 'আমি যদি মন্ত্রী থাকি, এখানে কোনো সিন্ডিকেট হবে না। অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স। এই চ্যালেঞ্জ পূরণ করতে না পারলে আমি চলে যাব।'
আজ মঙ্গলবার (২ জুন) প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক ও মন্ত্রণালয়ের সচিব মোখতার হোসেন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মন্ত্রীর দেওয়া প্রধান ঘোষণা ও পরিকল্পনাগুলো হচ্ছে, মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে চলমান সংকট আগামী ১০ থেকে ১৫ দিন বা এক মাসের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। প্রধানমন্ত্রীর সম্ভাব্য মালয়েশিয়া সফর ও নতুন এমওইউ চুক্তি নিয়ে আলোচনা চলছে। বিগত মে মাসের সময়সীমার আগে প্রায় ১৮ হাজার কর্মীকে পাঠাতে ব্যর্থ হওয়া এবং হাজার কোটি টাকা আত্মসাতকারী এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিদেশে অবস্থানরত প্রবাসীদের সমস্যা ও অভিযোগ সরাসরি এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ৫ সদস্যের একটি 'অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল' গঠন করা হয়েছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। প্রবাসীরা minister@probashi.gov.bd এবং minister.expat@gmail.com ঠিকানায় সরাসরি অভিযোগ পাঠাতে পারবেন।
প্রবাসীদের জন্য ক্রেডিট কার্ডের মতো কার্যকর একটি সর্বজনীন 'প্রবাসী কার্ড' চালুর পরিকল্পনা করছে মন্ত্রণালয়। এই কার্ড থাকলে আলাদা কোনো বিএমইটি (BMET) কার্ড লাগবে না। বৈধভাবে রেমিট্যান্স পাঠানো প্রবাসীরা এই কার্ডের মাধ্যমে ব্যাংকিং সুবিধা, সহজে টাকা পাঠানো এবং দেশে ভূমি সংক্রান্ত সেবা ও হাসপাতালে বিশেষ অগ্রাধিকার পাবেন।
রিক্রুটিং এজেন্সিগুলোর লাইসেন্স বাতিল হওয়ার পর অন্য নামে ব্যবসা করা এবং মন্ত্রণালয়ের অধীনস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে (TTC) যেকোনো দুর্নীতি, অনিয়ম বা ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে কঠোর তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Comments