ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সিলিন্ডারবাহী একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে প্রাইভেটকারের নিয়ন্ত্রণহীন ধাক্কায় একই পরিবারের চার সদস্যসহ পাঁচজন নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। আজ মঙ্গলবার (২ জুন) ভোর সাড়ে ৪টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালীগ্রাম ফ্লাইওভার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, নিহতরা সবাই মালয়েশিয়া প্রবাসী আরিফুল ইসলামকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিয়ে প্রাইভেটকারযোগে নিজ জেলা যশোরে ফিরছিলেন। পথিমধ্যে এক্সপ্রেসওয়ের মালীগ্রাম ফ্লাইওভার এলাকায় পৌঁছালে তাদের বহনকারী প্রাইভেটকারটি একই লেনে দাঁড়িয়ে থাকা একটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ চারজন নিহত হন।
দুর্ঘটনায় নিহত একই পরিবারের চার সদস্য হলেন—যশোরের ঝিকরগাছা উপজেলার বালিয়াডাঙ্গি গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী নূর জাহান (মা), তার মালয়েশিয়া প্রবাসী ছেলে আরিফুল ইসলাম, অপর ছেলে রাকিবুল ইসলাম এবং মেয়ে আয়েশা বেগম। এছাড়া নিহত প্রাইভেটকার চালকের নাম জাহিদ শেখ। তিনি যশোরের মনিরামপুর উপজেলার গৌরিপুর গ্রামের বাসিন্দা।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। আহত তিনজনকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাকিবুল ইসলাম নামের আরও একজন মারা যান।
শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চালক ছাড়া নিহত অপর চারজন একই পরিবারের সদস্য। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি সড়ক থেকে সরিয়ে হাইওয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
Comments