'বনলতা এক্সপ্রেস' ছবির প্রদর্শনী বন্ধের প্রতিবাদ: রুমিন ফারহানার মানববন্ধনের ডাক
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি আয়োজিত 'বনলতা এক্সপ্রেস' চলচ্চিত্রের প্রদর্শনী কওমি ছাত্র ঐক্য পরিষদের প্রতিবাদের মুখে স্থগিত করার ঘটনায় তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই ঘটনার প্রতিবাদে আজ সোমবার (১ জুন) বিকেলে এক মানববন্ধনের ডাক দিয়েছেন জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর ইউনিয়নে বিকেল ৪টা ১৫ মিনিটে এই প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হবে। সংসদ সদস্য রুমিন ফারহানা নিজেই সেখানে উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন।
নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে রুমিন ফারহানা লিখেছেন:'বনলতা এক্সপ্রেস' মুভি প্রদর্শনী বন্ধের প্রতিবাদে আজ ব্রাহ্মণবাড়িয়াতে একটি মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি হবে। উপস্থিত থাকবো আমি রুমিন ফারহানা।''
এদিকে তানিম নূর পরিচালিত ও দেশ-বিদেশে প্রশংসিত চলচ্চিত্র 'বনলতা এক্সপ্রেস'-এর নির্ধারিত দুটি প্রদর্শনী বন্ধ করে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার ১০টি শীর্ষস্থানীয় সাংস্কৃতিক সংগঠন।
গত শনিবার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি ছবিটির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছিল। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অনুভূতিকে কেন্দ্র করে কিছু নেতিবাচক প্রচারণার পর স্কুল কর্তৃপক্ষ তাদের পূর্বানুমতি প্রত্যাহার করে নেয়, ফলে প্রদর্শনীটি স্থগিত হয়ে যায়।
একই দিনে কসবা উপজেলার তালতলা গ্রামে স্থানীয় তরুণদের উদ্যোগে আরেকটি প্রদর্শনীর আয়োজন করা হলেও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে সেটিও বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
সাংস্কৃতিক সংগঠনগুলোর যৌথ বিবৃতিতে বলা হয়, একটি বিশেষ মহল ধর্মীয় আবেগের 'ভুল ব্যাখ্যা' তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে এই সুস্থ ধারার চলচ্চিত্রটির বিরুদ্ধে পরিকল্পিত প্রচারণা চালিয়েছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, চলচ্চিত্রটি 'বাংলাদেশ ফিল্ম সার্টিফিকেশন আইন, ২০২৩' অনুযায়ী যথাযথভাবে অনুমোদিত এবং দেশ-বিদেশে ইতিমধ্যে বেশ প্রশংসিত হয়েছে। এর নির্মাতা তানিম নূর ব্রাহ্মণবাড়িয়ারই কৃতি সন্তান। অথচ নিজ জন্মভূমিতেই তাঁর চলচ্চিত্র প্রদর্শন করতে না দেওয়া অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক।
সংগঠনগুলো দাবি করেছে, চলচ্চিত্রকে একটি পূর্ণাঙ্গ শিল্পমাধ্যম হিসেবে বিবেচনা করা উচিত, যা সমাজের বাস্তবতা ও মানবিক মূল্যবোধ তুলে ধরে। সাম্প্রতিক সময়ে চলচ্চিত্রের প্রতি কিছু মহলের এমন 'বৈরি দৃষ্টিভঙ্গি', অগণতান্ত্রিক আচরণ এবং উগ্রতা কোনোভাবেই কাম্য নয়। তারা সবাইকে মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান।
Comments