ইরান চুক্তিতে আরও ‘কঠোর’ পরিবর্তন দাবি ট্রাম্পের, আলোচনা অব্যাহত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে প্রস্তাবিত একটি চুক্তিতে পরিবর্তনের দাবি জানিয়েছেন, যার ফলে নতুন করে আলোচনা শুরু হয়েছে এবং চূড়ান্ত সমঝোতা কয়েক দিন পিছিয়ে যেতে পারে বলে মার্কিন গণমাধ্যম জানিয়েছে।
দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ট্রাম্প ইরানের কাছে একটি সংশোধিত প্রস্তাব পাঠিয়েছেন, যাতে আরও কঠোর শর্ত অন্তর্ভুক্ত করা হয়েছে। কারণ, তিনি মনে করছেন ইরান পূর্ববর্তী মার্কিন প্রস্তাবগুলোর জবাব দিতে বিলম্ব করছে।
পত্রিকাটির তথ্য অনুযায়ী, মধ্যস্থতাকারীদের সহায়তায় তৈরি করা প্রস্তাবটি ট্রাম্পের নির্দেশে সংশোধন করা হয় এবং পরে তা পুনরায় পর্যালোচনার জন্য ইরানের কাছে পাঠানো হয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই প্রস্তাব তৈরিতে পাকিস্তানসহ কয়েকটি মধ্যস্থতাকারী দেশ যুক্ত ছিল এবং এটি অনুমোদনের জন্য ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির কাছে পাঠানো হয়েছে।
হোয়াইট হাউস শুক্রবার নিশ্চিত করেছে, ট্রাম্প ইরানের সঙ্গে সম্ভাব্য একটি চুক্তি নিয়ে দুই ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন। তবে বৈঠক শেষে তিনি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি, যদিও এর আগে তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে ওই বৈঠকেই বিষয়টির নিষ্পত্তি হতে পারে।
বৈঠকের পর হোয়াইট হাউস জানায়, ট্রাম্প এমন একটি চুক্তি চান যা "শুধু যুক্তরাষ্ট্রের জন্য ভালো" হবে এবং ওয়াশিংটনের নির্ধারিত "রেড লাইন" মেনে চলবে।
এদিকে, রবিবার অ্যাক্সিওস এক জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা ও আলোচনার সঙ্গে পরিচিত একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ট্রাম্প তাঁর দূতদের এবং ইরানি কর্মকর্তাদের মধ্যে আলোচিত খসড়া চুক্তিতে কয়েকটি পরিবর্তনের অনুরোধ জানিয়েছেন।
অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী, এসব পরিবর্তনের মূল বিষয় হলো-ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত কীভাবে পরিচালিত হবে এবং চুক্তি বাস্তবায়নের সময়সূচি।
বর্তমান সমঝোতা স্মারক অনুযায়ী, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দেবে। একই সঙ্গে উভয় পক্ষের কাছে ৬০ দিন সময় থাকবে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ে বিস্তারিত আলোচনা সম্পন্ন করার জন্য। এই আলোচনায় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ মজুত এবং কত মাত্রা পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অনুমোদিত হবে, সে বিষয়গুলোও অন্তর্ভুক্ত থাকবে।
অ্যাক্সিওস আরও জানিয়েছে, ট্রাম্প বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস পরিবহন পথ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়ে চুক্তির ধারাগুলোও পুনর্বিবেচনা করতে চান।
প্রতিবেদন অনুযায়ী, মার্কিন কর্মকর্তারা ট্রাম্পকে জানিয়েছেন, ইরানের নেতৃত্বের অভ্যন্তরে যোগাযোগ জটিল হওয়ায় সংশোধিত প্রস্তাবের জবাব দিতে ইরানের প্রায় তিন দিন সময় লাগতে পারে।
একজন জ্যেষ্ঠ মার্কিন প্রশাসনিক কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেন, "তারা আক্ষরিক অর্থেই গুহায় থাকে এবং ই-মেইল ব্যবহার করে না।" তিনি আরও বলেন : "শেষ পর্যন্ত একটি চুক্তি হবে। প্রেসিডেন্ট যা চাইছেন তা না পাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করতে প্রস্তুত। এতে এক সপ্তাহ, তার কম বা তার বেশি সময় লাগতে পারে। আমরা আশা করছি সপ্তাহের শেষ নাগাদ কিছু একটা পাওয়া যাবে।"
Comments