চট্টগ্রাম বন্দরে তেলবাহী জাহাজে আগুন: ২২ ক্রুকে উদ্ধার করল কোস্ট গার্ড
পবিত্র ঈদুল আজহার সকালে চট্টগ্রাম বহিনোঙ্গরে অবস্থানরত 'এমটি মেঘনা ট্রেডার'(MT MEGHNA TRADER) নামে একটি তেলবাহী বাণিজ্যিক জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ কোস্ট গার্ডের একাধিক জাহাজ ও অগ্নিনির্বাপণ দল কাজ করছে। ইতিমধ্যে জাহাজটি থেকে ২২ জন ক্রুকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
কোস্ট গার্ড জানায়, আজ ঈদের দিন সকাল ৭টা ২৫ মিনিটে চট্টগ্রাম বহিনোঙ্গর এলাকায় অবস্থানরত ওই তেলবাহী বাণিজ্যিক জাহাজটিতে হঠাৎ আগুন লেগে যায়। খবর পাওয়ার পরপরই বাংলাদেশ কোস্ট গার্ডের মেটাল শার্ক, কোস্ট গার্ড জাহাজ 'শ্যামল বাংলা'এবং শক্তিশালী টাগবোট 'প্রমত্ত' সহ একাধিক অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার অভিযান শুরু করে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, 'ঘটনার পর পরই আমাদের দল দ্রুত সাড়া দিয়ে জাহাজে থাকা সর্বমোট ২২ ক্রুকে আগুনের ভয়াবহতা থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, আগুনের এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা নিখোঁজের খবর পাওয়া যায়নি'।
কোস্ট গার্ডের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সমুদ্রের বুকে তেলবাহী জাহাজের আগুন সম্পূর্ণ রূপে নেভাতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাদের অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী দল নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন লাগার সুনির্দিষ্ট কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
Comments