আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকাল ১০টায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে অবস্থিত আনসার-ভিডিপি একাডেমির প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
একাডেমিতে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমে দেশের বীর শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর তিনি কুচকাওয়াজ ও প্যারেড গ্রাউন্ডের মূল মঞ্চে আসন গ্রহণ করেন। এ সময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের পরিবেশনায় একটি আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন 'ব্যুত্থান মহড়া' (শারীরিক কসরত) প্রদর্শিত হয়। প্রধানমন্ত্রী অত্যন্ত মনোযোগের সাথে এই প্রদর্শনী উপভোগ করেন এবং মহড়া শেষে মাঠ পরিদর্শনে গিয়ে অংশগ্রহণকারী সদস্যদের সাথে করমর্দন ও শুভেচ্ছা বিনিময় করেন।
বর্ণাঢ্য ও গৌরবময় এই জাতীয় সমাবেশে সরকারের মন্ত্রিপরিষদের সদস্য, জাতীয় সংসদের সদস্য, সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আনসার-ভিডিপির পরিচালকরা উপস্থিত ছিলেন।
Comments