১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল
আগামী ১৬ ডিসেম্বর (বিজয় দিবস) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল আনুষ্ঠানিকভাবে চালু করা হবে। নির্ধারিত সময়কে সামনে রেখে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
আজ মঙ্গলবার (১৯ মে) তথ্য অধিদপ্তরে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও অগ্রগতি তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
তথ্যমন্ত্রী জানান, বহুপাক্ষিক আলোচনা এবং সুনির্দিষ্ট কর্মকৌশল নির্ধারণ করে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৬ ডিসেম্বরকে উদ্বোধনের সম্ভাব্য তারিখ বিবেচনায় রেখেই নির্দিষ্ট সময়ের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে বিমানবন্দরে যাত্রীসেবা বৃদ্ধির কথা উল্লেখ করে মন্ত্রী জানান, বিমানবন্দরের প্রায় ৯৪ হাজার বর্গমিটার এলাকাজুড়ে এখন শক্তিশালী ওয়াইফাই (Wi-Fi) নেটওয়ার্ক বিস্তৃত করা হয়েছে। এই ফ্রি ইন্টারনেট সুবিধার আওতায় রয়েছে টার্মিনাল ১, টার্মিনাল ২, অভ্যন্তরীণ টার্মিনাল, ভিআইপি টার্মিনাল এবং কার পার্কিং এরিয়া। এই বিস্তৃত কাভারেজের ফলে বিমানবন্দরের সব গুরুত্বপূর্ণ এলাকাতেই যাত্রীরা এখন সম্পূর্ণ বিনামূল্যে উচ্চগতির ইন্টারনেট সেবা উপভোগ করতে পারছেন।
Comments