হামের টিকা নিয়ে ড. ইউনূসসহ ২৪ জনের বিরুদ্ধে রিট
হামের টিকা ব্যবস্থাপনার ভূমিকা তদন্ত এবং সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে দায়ের করা রিটের শুনানি আগামী ১৯ মে (মঙ্গলবার) পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট।
আজ সোমবার (১৮ ১৮ মে) বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ প্রথম দিনের শুনানি শেষে এই আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ মামুন মাহবুব।
হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে হস্তান্তরের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ তুলে গতকাল রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এই রিট আবেদনটি দায়ের করেন।
রিটে ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক সকল উপদেষ্টাসহ মোট ২৪ জনের বিরুদ্ধে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দেশত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশনা চাওয়া হয়েছে। আবেদনে মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ (ডিজিএইচএস) সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের বিবাদী করা হয়েছে।
এর আগে গত ৬ এপ্রিল এই বিষয়ে সরকারের সংশ্লিষ্টদের একটি আইনি নোটিশ পাঠানো হয়েছিল। রিটকারী আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম জানান, সারা দেশে বিলুপ্তপ্রায় সংক্রামক ব্যাধি হাম আবারও মারাত্মক আকার ধারণ করেছে। ইতোমধ্যে কয়েকশত শিশুর মৃত্যু হয়েছে এবং অসংখ্য মানুষ হাসপাতালে চিকিৎসাধীন। এই সংকটের পেছনে হামের টিকা ব্যবস্থাপনাকে রাষ্ট্রীয় খাত থেকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্তকে দায়ী করছেন তিনি।
আবেদনে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান শুভ্র, নূর জাহান বেগম, ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকীসহ তৎকালীন উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং সংশ্লিষ্ট সাবেক ব্যক্তিগত সহকারীদের নাম উল্লেখ করা হয়েছে।
আগামীকাল মঙ্গলবার এই বেঞ্চে রিটের পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে এবং আদালত এই বিষয়ে কোনো রুল বা অন্তর্বর্তীকালীন আদেশ দেবেন কি না, তা জানা যাবে।
Comments