পর্তুগালে ট্রেনের ধাক্কায় প্রবাসী বাংলাদেশি নিহত, আহত ৪
পর্তুগালের আলগার্ভ অঞ্চলে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে একটি প্রাইভেটকারের সংঘর্ষে রাম প্রসাদ সরকার (৩৬) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় গাড়িতে থাকা আরও চার বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার আলগার্ভের মেক্সিলহেইরা গ্রান্দে এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাম প্রসাদ সরকারের বাড়ি বাংলাদেশের টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায়। পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার সন্ধানে মাত্র ১০-১৫ দিন আগে তিনি পর্তুগালে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেখানে পৌঁছানোর কয়েকদিনের মাথায় তার জীবনাবসান হলো।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, দুর্ঘটনার সময় প্রাইভেটকারটিতে মোট পাঁচজন বাংলাদেশি নাগরিক ছিলেন। গাড়িটি একটি রেলক্রসিং অতিক্রম করার সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী ট্রেন সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান রাম প্রসাদ।
দুর্ঘটনায় গুরুতর আহত অন্য চার বাংলাদেশিকে দ্রুত উদ্ধার করে পোর্তিমাও ও ফারো হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের বয়স ৩১ থেকে ৪৯ বছরের মধ্যে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
দুর্ঘটনার পর আলগার্ভ রেললাইনের পোর্তিমাও ও মেক্সিলহেইরা গ্রান্দে স্টেশনের মধ্যবর্তী অংশে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। উদ্ধার অভিযান শেষ হওয়ার পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়।
পর্তুগালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিগন্যাল বা অসতর্কতাবশত রেলক্রসিং পার হওয়ার সময় প্রাইভেটকারটি ট্রেনের সামনে চলে আসায় এই দুর্ঘটনা ঘটে।
Comments