এক বছরের মধ্যে সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা
ধাপে ধাপে আগামী এক বছরের মধ্যে দেশের সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার সম্প্রতি বাসসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন।
বর্তমানে ইসির প্রধান অগ্রাধিকার হলো স্থানীয় সরকার নির্বাচন। প্রয়োজনীয় আইন, বিধিমালা সংশোধন এবং প্রশাসনিক প্রস্তুতির মাধ্যমে এক বছরের মধ্যে ধাপে ধাপে সব নির্বাচন শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
নির্বাচন কমিশনার জানান, নির্বাচন ব্যবস্থাকে আরও কার্যকর ও গ্রহণযোগ্য করতে বিদ্যমান আইন ও বিধিমালা সংশোধনের কাজ চলছে। এই আইনি সংস্কার সম্পন্ন করতে তিন থেকে চার মাস সময় লাগতে পারে। এবারের স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক বা রাজনৈতিক পরিচয় থাকবে না। নির্বাচনটি জাতীয় নির্বাচনের স্ট্যান্ডার্ড অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আনোয়ারুল ইসলাম সরকার।
স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও গত ৫ মে জেলা প্রশাসক সম্মেলনে এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচন সম্পন্ন করার চেষ্টার কথা জানিয়েছিলেন। অতীতে এই সব স্তরের নির্বাচন শেষ করতে সাধারণত ১০ মাস থেকে এক বছর সময় লেগেছে।
জুন মাসের জাতীয় বাজেট, বর্ষা মৌসুম এবং মাঠ প্রশাসনের প্রস্তুতির বিষয়গুলো মাথায় রেখে সমন্বয় করা হচ্ছে। তবে কোন নির্বাচন (সিটি করপোরেশন, উপজেলা বা ইউনিয়ন পরিষদ) আগে শুরু হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
নির্বাচন কমিশন মনে করে, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার আন্তর্জাতিক ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে এই স্থানীয় নির্বাচনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
Comments