স্টারমার পদত্যাগ করলে ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে যারা
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নিজের দল লেবার পার্টির ভেতর থেকে ওঠা পদত্যাগের দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন। নিয়ম অনুযায়ী, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নেতৃত্বের চ্যালেঞ্জ জানাতে হলে অন্তত ২০ শতাংশ বা ৮১ জন লেবার এমপির সমর্থন প্রয়োজন। এখন পর্যন্ত প্রায় ১০০ জন এমপি তাকে সরে যাওয়ার আহ্বান জানালেও আনুষ্ঠানিক কোনো পদক্ষেপ এখনো নেওয়া হয়নি।
যদি স্টারমার শেষ পর্যন্ত পদত্যাগ করেন, তবে সম্ভাব্য উত্তরাধিকারী হিসেবে তিনজনের নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে:
ওয়েস স্ট্রিটিং: তিনি বর্তমানে ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী এবং দলের ডানপন্থী ঘরানার নেতা হিসেবে পরিচিত। যারা দ্রুত দলের নেতৃত্বে পরিবর্তন চান, তাদের প্রথম পছন্দ স্ট্রিটিং।
অ্যান্ডি বার্নহ্যাম: গ্রেটার ম্যানচেস্টারের এই মেয়র জনমত জরিপে ব্রিটেনের অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ। তিনি 'ম্যানচেস্টারিজম' ধারণার প্রবক্তা, যা একই সাথে ব্যবসাবান্ধব নীতি ও সমাজতন্ত্রের সমন্বয়। যারা সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তর দেখতে চান, তারা বার্নহ্যামকে সমর্থন করছেন।
অ্যাঞ্জেলা রেনার: সাবেক এই উপ-প্রধানমন্ত্রী তার স্পষ্টভাষী ভাবমূর্তির কারণে তরুণ ভোটার ও সমাজতন্ত্রী কর্মীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। মাত্র ১৬ বছর বয়সে মা হওয়া এবং ট্রেড ইউনিয়ন থেকে রাজনীতিতে উঠে আসা রেনারের জীবনসংগ্রাম অনেকের কাছেই অনুপ্রেরণার।
যদিও স্টারমারকে সরানোর জন্য প্রয়োজনীয় ৮১ জন এমপির সমর্থন জোগাড় করা চ্যালেঞ্জিং, তবুও ব্রিটিশ রাজনীতির এই সংকটময় মুহূর্তে এই তিন নেতাকে ঘিরেই আবর্তিত হচ্ছে ভবিষ্যতের সমীকরণ।
Comments