জাপানে নিজ মাকে হত্যার অভিযোগে বাংলাদেশি যুবক গ্রেপ্তার
জাপানের তোচিগি প্রিফেকচারের আশিকাগা শহরে নিজের মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ২৮ বছর বয়সী এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। গ্রেপ্তার করা যুবকের নাম রায় আবিল রঞ্জন। পুলিশ জানিয়েছে, রঞ্জন বর্তমানে বেকার এবং তার নির্দিষ্ট কোনো স্থায়ী ঠিকানা নেই।
পুলিশের তথ্য অনুযায়ী, ৩ মে আশিকাগা শহরে রায় আবিল রঞ্জনের মা রায় কল্পনা রানীর (৫৬) নিজ বাসভবনে এই হত্যাকাণ্ড হয়। প্রথমে রঞ্জন দাবি করেন হঠাৎ অসুস্থ হয়ে মায়ের মৃত্যু হয়েছে। পরে পুলিশের ময়নাতদন্তের রিপোর্টে দেখা গেছে, নিহতের পাঁজরের হাড়সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, কোনো ভোঁতা অস্ত্র বা ভারী বস্তু দিয়ে উপর্যুপরি আঘাত করে তাকে হত্যা করা হয়েছে।
সোমবার (১১ মে) আশিকাগা থানা পুলিশ আবিল রঞ্জনকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ শুরু করে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত যুবক হত্যাকাণ্ডের কথা অস্বীকার করেছেন। তিনি পুলিশকে জানান, আমার এ ধরনের কিছু মনে নেই, তাই আমি নিশ্চিত করে কিছু বলতে পারছি না।
পুলিশ বর্তমানে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং ঘটনার বিস্তারিত প্রেক্ষাপট খতিয়ে দেখছে। মা ও ছেলে দুজনেই বাংলাদেশি নাগরিক হওয়ায় স্থানীয় প্রবাসী কমিউনিটির মধ্যে এই ঘটনায় গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনার ঐদিন বাড়িতে অন্য কারো উপস্থিতি ছিল কি না বা মা-ছেলের মধ্যে আগে কোনো বিরোধ ছিল কি না, তা নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।
Comments