ফ্লোরিডায় নাহিদা বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন: মরদেহ দেশে পৌঁছাবে ৯ মে
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় বুধবার (৬ মে) বেলা দুইটায় টাম্পায় এই জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) শিক্ষক-শিক্ষার্থীসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতিওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, জানাজা শেষে বৃষ্টির মরদেহ টাম্পা ফিউনারেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে। দুবাইয়ে যাত্রাবিরতি শেষে আগামী ৯ মে (শনিবার) সকাল ৮টা ৪০ মিনিটে মরদেহবাহী বিমানটি ঢাকায় অবতরণ করবে।
মরদেহ পাঠানোর পুরো প্রক্রিয়াটি মায়ামির বাংলাদেশ কনস্যুলেট, ওয়াশিংটন দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে তত্ত্বাবধান করছে।
নিহত শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর যাবতীয় ব্যয় বহন করছে বাংলাদেশ সরকার। এর আগে ৪ মে লিমনের মরদেহ ঢাকায় পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বিমানবন্দরে উপস্থিত থেকে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন। বৃষ্টির ক্ষেত্রেও যথাযথ সম্মানের সাথে মরদেহ হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭) ও নাহিদা সুলতানা বৃষ্টি (২৭) নিখোঁজ হন। এরপর ২৪ এপ্রিল লিমনের ক্ষতবিক্ষত মরদেহ এবং তার দুই দিন পর বৃষ্টির দেহাংশ উদ্ধার করে পুলিশ।
এই জোড়া হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে লিমনের রুমমেট, মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোক ও ক্ষোভ বিরাজ করছে।
Comments