স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমানের স্নাতক পর্যায় পর্যন্ত নারী শিক্ষা বিনামূল্যে করার ঘোষণাটি দেশের শিক্ষাব্যবস্থায় একটি মাইলফলক হিসেবে বিবেচিত হতে পারে। ৩০ এপ্রিল ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী ভাষণে তিনি এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো তুলে ধরেন।
তিনি বলেন, দ্বাদশ শ্রেণির পর এখন থেকে স্নাতক (ডিগ্রি) পর্যায় পর্যন্ত মেয়েদের শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করার ঘোষণা দেওয়া হয়েছে। এর পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের জন্য থাকবে বিশেষ উপবৃত্তি। আগামী জুলাই মাস থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুলব্যাগ, পোশাক ও জুতা সরবরাহের নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বর্তমান শিক্ষাব্যবস্থায় সন্তুষ্ট নন এবং তিনি বিদেশের আদলে একটি আধুনিক ও মানসম্মত শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার করেছেন।
জ্বালানি সংকট মোকবেলায় বিরোধী দলের প্রস্তাব গ্রহণ করে একটি যৌথ কমিটি গঠন করা হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন এবং গ্রামীণ অর্থনীতি সচল রাখতে 'ফ্যামিলি কার্ড' ও 'কৃষক কার্ড' কার্যক্রমের ওপর জোর দেওয়া হয়েছে। সংসদকে জনগণের অধিকার রক্ষার কেন্দ্রবিন্দু হিসেবে উল্লেখ করে তিনি একটি জবাবদিহিমূলক সরকার পরিচালনার কথা জানান।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের বিবর্তন তুলে ধরেন। তিনি শ্রদ্ধা জানান: ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে শহীদদের। ১৯৯০-এর গণ-অভ্যুত্থানের বীরদের। ২০১৩-এর শাপলা চত্বরের ঘটনা এবং ২০০৯ থেকে ২০২৪-এর ৫ আগস্ট পর্যন্ত অধিকার আদায়ের আন্দোলনে আত্মত্যাগকারীদের।
Comments