জুলাই থেকে প্রাথমিকে বিনামূল্যে ড্রেস, ব্যাগ ও জুতা দেওয়া হবে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার খরচ শূন্যে নামিয়ে আনতে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে সরকার। আগামী জুলাই মাস থেকে দেশের প্রতিটি উপজেলার দুটি করে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস, জুতা এবং পাটের তৈরি স্কুল ব্যাগ দেওয়া হবে।
বুধবার (২৯ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এই তথ্য নিশ্চিত করেন।
শিক্ষামন্ত্রী জানান, প্রাথমিকভাবে এক লাখ শিক্ষার্থীর জন্য পোশাক ও জুতা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে বিজিএমইএ। তিনি বলেন, "সরকারের এই মহতী উদ্যোগে দেশের শীর্ষ শিল্পোদ্যোক্তারাও এগিয়ে এসেছেন। চলতি বছরে এটি পাইলট প্রকল্প হিসেবে শুরু হলেও আগামী অর্থবছর থেকে বড় পরিসরে বাস্তবায়ন করা হবে।"
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, পর্যায়ক্রমে দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এই সুবিধার আওতায় আনা হবে। তিনি বলেন: সারা দেশের সব ছাত্রের জন্য এবং সব ছাত্রীর জন্য অভিন্ন রঙের ড্রেস, ব্যাগ ও জুতা নিশ্চিত করা হবে। শিক্ষার্থীরা আগে থেকেই বিনা মূল্যে বই ও 'মিড-ডে মিল' পাচ্ছে। এখন জামা-জুতা যুক্ত হওয়ায় অভিভাবকদের শিক্ষা ব্যয়ের দুশ্চিন্তা আর থাকবে না।
বৈঠকে উপস্থিত শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান বলেন, "শিক্ষার্থীদের ব্যাগ ও জুতা সরবরাহের দায়িত্ব নেবে বসুন্ধরা গ্রুপ। এছাড়া পরবর্তী সময়ে স্কুলগুলোতে যাতায়াতের জন্য ইলেকট্রিক্যাল বাসও প্রদান করা হবে।"
অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিনসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Comments