হোয়াইট হাউসে রাজকীয় ভোজ: যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য সম্পর্কের নতুন অধ্যায়
ওয়াশিংটনে ব্রিটিশ রাজপরিবারের চার দিনের সফরের অংশ হিসেবে মঙ্গলবার হোয়াইট হাউসে এক জমকালো রাষ্ট্রীয় নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। ডোনাল্ড ট্রাম্প এবং রাজা চার্লস দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক ও বিশেষ সম্পর্কের ভূয়সী প্রশংসা করেন। তবে আতিথেয়তার আবহেও বিশ্ব রাজনীতির কিছু স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে আলোচনায়।
প্রেসিডেন্ট ট্রাম্প তার বক্তব্যে মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে কথা বলেন। তিনি দাবি করেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না দেওয়ার বিষয়ে রাজা চার্লস তার সঙ্গে একমত পোষণ করেছেন। যদিও রাজা সরাসরি এ নিয়ে কোনো মন্তব্য করেননি, তবে ট্রাম্প একে নিজের অবস্থানের প্রতি রাজকীয় সমর্থন হিসেবে তুলে ধরেন। উল্লেখ্য, ইরান ইস্যুতে ট্রাম্প এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সমালোচনা করলেও রাজার সঙ্গে তাকে বেশ বন্ধুত্বপূর্ণ মেজাজে দেখা গেছে।
রাজা চার্লস তার বক্তব্যে আন্তর্জাতিক জোট, বিশেষ করে ন্যাটোর গুরুত্বের কথা মনে করিয়ে দেন। ট্রাম্প ন্যাটোর সমালোচনা করলেও রাজা দুই দেশের নিরাপত্তায় এই জোটের প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করেন। এছাড়া রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সহায়তা চালিয়ে যাওয়ার এবং দেশটিতে স্থায়ী শান্তি ফেরাতে সবার দৃঢ় মনোবল রক্ষার আহ্বান জানান তিনি।
রাজা বলেন, "শৃঙ্খলার মাধ্যমে শাসকের ক্ষমতা নিয়ন্ত্রণ করা জরুরি"—তার এই মন্তব্য এবং ব্রিটিশ 'ম্যাগনা কার্টা'র উল্লেখ উপস্থিত ডেমোক্র্যাট সদস্যদের ব্যাপক প্রশংসা ও করতালিতে সিক্ত হয়।
নৈশভোজে দুই নেতার মধ্যে বেশ হালকা মেজাজের আলাপচারিতাও লক্ষ্য করা গেছে। ট্রাম্প অতীতে মন্তব্য করেছিলেন যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা না থাকলে সবাই জার্মান ভাষায় কথা বলত। এর জবাবে রাজা চার্লস ২৫০ বছর আগের ইতিহাস টেনে কৌতুক করে বলেন, "আমরা না থাকলে আপনারা হয়তো ফরাসি ভাষায় কথা বলতেন!"
ট্রাম্প নিজেও রাজার ভাষণের প্রশংসা করে বলেন, "রাজার সম্মানে ডেমোক্র্যাটরাও দাঁড়িয়েছিলেন, যা আমি নিজে কখনো করাতে পারিনি।"
নৈশভোজের মেন্যুতে ছিল আভিজাত্যের ছাপ:
- স্টার্টার: গার্ডেন ভেজিটেবল ভেলুটে ও স্প্রিং হার্ভড র্যাভিওলি।
- মেইন কোর্স: ডোভার সোল মুনিয়ের (মাছ)।
- ডেজার্ট: হোয়াইট হাউস হানি অ্যান্ড ভ্যানিলা বিন ক্রেমু।
উপহার হিসেবে রাজা চার্লস ১৯৪৪ সালের একটি ব্রিটিশ নৌবাহিনীর সাবমেরিনের ঘণ্টা প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রদান করেন। ভোজসভায় মার্কিন করপোরেট জগতের শীর্ষ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অতিথিদের তালিকায় ছিলেন অ্যাপলের প্রধান টিম কুক, অ্যামাজনের জেফ বেজোস, এনভিডিয়ার জেনসেন হুয়াং এবং বিখ্যাত গলফার ররি ম্যাকিলরয়।
৯/১১ স্মৃতিসৌধ পরিদর্শনের লক্ষ্যে রাজপরিবারের সদস্যরা আজ বুধবার নিউইয়র্ক যাবেন এবং বৃহস্পতিবার বারমুডার উদ্দেশে যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন।
Comments