ড. ইউনূসের ‘ভিভিআইপি’ নিরাপত্তার মেয়াদ কমলো ৬ মাস
সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের জন্য বরাদ্দকৃত 'ভিভিআইপি' (ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পারসন) পদমর্যাদার মেয়াদ ছয় মাস কমানো হয়েছে। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ আগস্টের পর থেকে তিনি আর বিশেষ রাষ্ট্রীয় সুবিধা বা এসএসএফ (স্পেশাল সিকিউরিটি ফোর্স) নিরাপত্তা পাবেন না। এরপর থেকে তিনি একজন সাধারণ নাগরিক হিসেবে জীবনযাপন করবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ড. ইউনূসের ভিভিআইপি নিরাপত্তার মেয়াদ পূর্বনির্ধারিত এক বছর থেকে কমিয়ে ছয় মাস করা হয়েছে। উল্লেখ্য, ক্ষমতা হস্তান্তরের মাত্র কয়েক দিন আগে গত ১০ ফেব্রুয়ারি এক গেজেটের মাধ্যমে ড. ইউনূস নিজেকে 'অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি' হিসেবে ঘোষণা করেছিলেন। তবে বর্তমানে বিজি প্রেসের ওয়েবসাইটে ওই গেজেটটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
তৎকালীন প্রজ্ঞাপনে বলা হয়েছিল, দায়িত্ব হস্তান্তরের পর থেকে এক বছর পর্যন্ত তিনি বিশেষ নিরাপত্তা বাহিনী আইনের অধীনে নিরাপত্তা পাবেন। সেই নিয়ম অনুযায়ী, এতদিন তাঁর বাসভবন, কর্মস্থল এবং দেশ-বিদেশের যাতায়াতে এসএসএফ সদস্যরা দায়িত্ব পালন করে আসছিলেন।
ড. ইউনূসের প্রায় ১৮ মাসের শাসনামল নিয়ে বর্তমানে নানা বিতর্ক সৃষ্টি হয়েছে। তাঁর বিরুদ্ধে বিদেশি শক্তির সাথে বিতর্কিত চুক্তি এবং ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে যে, ক্ষমতায় থাকাকালীন তিনি নিজের বিরুদ্ধে থাকা অনিয়ম ও দুর্নীতির মামলাগুলো প্রত্যাহারের ব্যবস্থা করেছিলেন। এছাড়া গ্রামীণ ব্যাংক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর শত শত কোটি টাকার কর মওকুফ এবং দেশের আর্থিক খাতকে দুর্বল করার বিষয়েও অর্থনীতিবিদদের পক্ষ থেকে কঠোর সমালোচনা করা হচ্ছে।
Comments