রাজধানীতে মুষলধারে বৃষ্টি, জনজীবনে স্বস্তি
কয়েক দিনের অসহনীয় দাবদাহের পর অবশেষে বৃষ্টির শীতল পরশ পেল রাজধানীবাসী। আজ রবিবার বিকেলে ঢাকার আকাশ কালো করে নামা এই বৃষ্টি তপ্ত জনজীবনে নিয়ে এসেছে স্বস্তির বার্তা।
দুপুর থেকেই ঢাকার আকাশে ছিল রোদ-মেঘের খেলা। বিকেল গড়াতেই বাংলামোটর, কারওয়ান বাজার, সংসদ ভবন এলাকা, হাতিরঝিল, রামপুরা ও বাড্ডাসহ রাজধানীর অধিকাংশ এলাকায় শুরু হয় মুষলধারে বৃষ্টি।
পথচারী ও অফিসফেরত মানুষেরা বৃষ্টিতে কিছুটা বিড়ম্বনায় পড়লেও গরম কমার স্বস্তিতে সকলেই ছিলেন উৎফুল্ল। বেসরকারি চাকুরিজীবী আশিক মাহমুদ বলেন, "বৃষ্টির জন্য পথে আটকে গেছি ঠিকই, কিন্তু গত কয়েকদিনের যে অস্থির গরম ছিল, সেই তুলনায় এই বৃষ্টি অনেক বড় পাওয়া।"
আরেকটি বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানায়, দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। এর প্রভাবে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী (৪৪-৮৮ মি.মি.) থেকে অতি ভারী (৮৮ মি.মি.-এর বেশি) বৃষ্টিপাত হতে পারে।
টানা বৃষ্টির ফলে এসব এলাকার নিম্নাঞ্চলে অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে। তীব্র গরমের অবসান ঘটলেও ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের সময় রাজধানীবাসীকে সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।
Comments