৯ জেলায় তীব্র তাপপ্রবাহ: বৃষ্টির পূর্বাভাস ৫ বিভাগে
তীব্র গরমে হাঁসফাঁস করছে রাজধানীসহ দেশের ৯টি জেলা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী ও ঢাকাসহ বিস্তীর্ণ অঞ্চলে চলমান মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এমনকি কিছু কিছু এলাকায় গরমের তীব্রতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
বর্তমানে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ,ঢাকা, ফরিদপুর,খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাগুলোর ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
আবহাওয়া অফিস বলছে, তাপপ্রবাহের এই এলাকা আরও বিস্তার লাভ করতে পারে এবং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, ৩৮ ডিগ্রি সেলসিয়াস।
গরমের মাঝেও কিছু এলাকায় স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপের প্রভাবে ৫টি বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে:
ময়মনসিংহ ও সিলেটে অনেক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। রংপুর, ঢাকা ও চট্টগ্রামের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। কোনো কোনো এলাকায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
সিলেটে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে এই বৃষ্টি সারাদেশে গরম কমানোর জন্য যথেষ্ট নয় বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
Comments