শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে প্রয়োজনে উপবৃত্তি বাড়ানো হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী
শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে নিয়মিত উপস্থিত করতে এবং ঝরে পড়া রোধে প্রয়োজনে উপবৃত্তির পরিমাণ আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর বাদশাহ ফয়সল ইনস্টিটিউটে প্রাথমিক বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, "শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান ও এর কার্যকারিতা নিয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা চলছে। বর্তমান সরকার শিক্ষাবান্ধব। শিক্ষার্থীদের ক্লাসরুমে ফিরিয়ে আনতে এবং পড়াশোনায় মনোযোগী করতে যা যা করা প্রয়োজন, তার সবটুকুই করবে এই সরকার।"
এ সময় প্রাথমিক বৃত্তি পরীক্ষার গুরুত্ব তুলে ধরে ববি হাজ্জাজ বলেন, এই পরীক্ষা মূলত শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে শিক্ষার প্রতি বিশেষ উৎসাহ তৈরি করে। শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক সাড়া ফেলে এমন কোনো প্রক্রিয়া বা উদ্যোগ সরকার বন্ধ করতে চায় না। বরং শিক্ষার্থীরা যাতে স্বতঃস্ফূর্তভাবে জ্ঞানচর্চায় যুক্ত থাকতে পারে, সেদিকেই নজর দেওয়া হচ্ছে।
এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারি ও বেসরকারি পর্যায়ের বিদ্যমান কোটা সংক্রান্ত বিষয়টি বর্তমান অন্তর্বর্তী সরকারের নীতিমালার আওতাধীন। আগের ধারাবাহিকতায় এবং বর্তমান সরকারের বিশেষ নির্দেশনায় এবার বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। যেহেতু এর সুফল রয়েছে, তাই আমরা এটি বাতিল করার কোনো সিদ্ধান্ত নিইনি।
পরিদর্শনকালে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
Comments