বৃহস্পতিবার ফের আলোচনায় বসছে ওয়াশিংটন ও তেহরান
দীর্ঘদিনের কূটনৈতিক অচলাবস্থা কাটিয়ে আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। সবকিছু ঠিক থাকলে আগামী বৃহস্পতিবারের মধ্যেই দেশ দুটির প্রতিনিধিদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে। বার্তা সংস্থা এপি-র এক প্রতিবেদনে মার্কিন কর্মকর্তা ও মধ্যস্থতাকারী একটি দেশের কূটনীতিকের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে।
দুই পক্ষই পুনরায় সংলাপ শুরু করার ব্যাপারে নীতিগতভাবে একমত পোষণ করেছে। এটি মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে একটি ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে।
বৈঠকের স্থান নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে সূত্রমতে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ বৈঠকের জন্য অন্যতম পছন্দের তালিকায় রয়েছে। এছাড়া শক্তিশালী বিকল্প হিসেবে সুইজারল্যান্ডের জেনেভা শহরের নামও আলোচনায় রয়েছে।
ইসলামাবাদে অনুষ্ঠিত আগের বৈঠকের পর থেকেই যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারীদের সাথে নিয়মিত যোগাযোগ বজায় রাখছে। এক্ষেত্রে পাকিস্তান সরকার তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তার আদান-প্রদানে সেতুবন্ধন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে ইরানি প্রতিনিধিদলের একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের সাথে বসার আগেই নিজেদের অবস্থান দৃঢ় করতেই এই বৈঠকের আয়োজন। রয়টার্সের তথ্যমতে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার এই সরাসরি বা পরোক্ষ যোগাযোগ বিশ্ব রাজনীতিতে নতুন কোনো সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।
সুইজারল্যান্ড বা পাকিস্তান—যেখানেই বৈঠকটি হোক না কেন, দীর্ঘদিনের বৈরিতা কাটিয়ে দেশ দুটি কোনো সমাধানসূত্রে পৌঁছাতে পারে কি না, সেদিকেই এখন তাকিয়ে আছে বিশ্ববাসী।
Comments