হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি ‘বাংলার জয়যাত্রা’
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্ত্বেও পারস্য উপসাগরে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ 'বাংলার জয়যাত্রা'-কে হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি দেয়নি ইরান সরকার। উদ্ভূত পরিস্থিতিতে জাহাজটিকে নিরাপদ আশ্রয়ের জন্য সংযুক্ত আরব আমিরাতের শারজা বন্দরে ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) সকালে জাহাজটি হরমুজ প্রণালির প্রবেশমুখে পৌঁছালে তেহরান কর্তৃপক্ষ এর চলাচলের অনুমতি প্রত্যাখ্যান করে। বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএসসি সূত্রে জানা গেছে, গত বুধবার সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে যাত্রা শুরু করেছিল জাহাজটি। অনুমতি না পাওয়ায় এখন এটি বিকল্প অবস্থানে সরে যাচ্ছে। ইরান সরকারের কাছ থেকে অনুমতি পাওয়ার জন্য বর্তমানে কূটনৈতিক চ্যানেলে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। জাহাজে বর্তমানে ৩১ জন নাবিক রয়েছেন। তাদের সবার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং তারা সুস্থ আছেন।
নাবিকদের মনোবল চাঙ্গা রাখতে দৈনিক খাবারের বরাদ্দ জনপ্রতি ৭ ডলার থেকে বাড়িয়ে ১২ ডলার করা হয়েছে। জাহাজে পর্যাপ্ত খাদ্য ও সুপেয় পানির মজুত রয়েছে।
বিএসসির তথ্য অনুযায়ী, 'বাংলার জয়যাত্রা' গত ২ ফেব্রুয়ারি ভারত থেকে পণ্য নিয়ে প্রথমবার হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছিল। এরপর কাতার ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন বন্দরে পণ্য খালাস ও বোঝাইয়ের কাজ শেষে এটি পুনরায় হরমুজ পার হওয়ার অপেক্ষায় ছিল।
Comments