সোনালি মুরগির কেজি ৪৩০ টাকা ছুঁয়েছে, নাভিশ্বাস ক্রেতাদের
রাজধানীর বাজারে সোনালি মুরগির দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতাদের নাভিশ্বাস উঠেছে। সাধারণত ঈদের পর মাংসের দাম কিছুটা কমলেও এবার দেখা যাচ্ছে উল্টো চিত্র। মাত্র একমাসের ব্যবধানে কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে সোনালি মুরগির দাম।
বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি সোনালি মুরগি ৪২০ থেকে ৪৩০ টাকায় বিক্রি হচ্ছে। রোজার মাসেও যা ৩৪০-৩৫০ টাকার মধ্যে ছিল।
একদিনের ব্যবধানে ব্রয়লার মুরগির পাইকারি দাম কেজিতে আরও ১৫ টাকা বেড়েছে। ব্যবসায়ীদের দাবি, খামারে উৎপাদন কমে যাওয়া এবং পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ার প্রভাবে বাজারে এই অস্থিরতা তৈরি হয়েছে।
মুরগির পাশাপাশি মাছের দামও কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। বর্তমানে বাজারে ২২০ টাকার নিচে কোনো মাছ পাওয়া দুষ্কর হয়ে পড়েছে। গতদিন ২০০ টাকায় বিক্রি হলেও আজ তা ২২০ টাকায় ঠেকেছে। রুই মাছ: ১ কেজি ওজনের রুই মাছ বিক্রি হচ্ছে ৩০০–৩২০ টাকায়, যা কয়েক দিন আগেও ২৮০ টাকা ছিল। বড় ওজনের (২ কেজির বেশি) রুই মাছের দাম কেজিতে ৩০-৫০ টাকা বেড়ে ৪২০–৪৫০ টাকায় পৌঁছেছে।
রাশেদ হোসেন নামে এক ক্ষুব্ধ ক্রেতা বলেন, "রমজানেও ৩৪০ টাকায় সোনালি মুরগি কিনেছি, আজ কিনলাম ৪৩০ টাকায়। বাজারে সবকিছুর দাম পাল্লা দিয়ে বাড়ছে, কিন্তু আমাদের আয় তো বাড়ছে না। এভাবে সংসার চালানো অসম্ভব হয়ে পড়ছে।"
ব্যবসায়ীরা জানান, সরবরাহ সংকট এবং তেলের দামের কারণে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় পাইকারি বাজার থেকেই তাদের বেশি দামে পণ্য কিনতে হচ্ছে। যার সরাসরি প্রভাব পড়ছে খুচরা বাজারে সাধারণ ভোক্তাদের ওপর।
Comments