ট্রাইব্যুনালে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আসামিদের বিক্ষোভ
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ঐতিহাসিক রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রায়ে দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড এবং আরও ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করেন।
পুলিশের সাবেক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। মামলার মোট ৩০ জন আসামির মধ্যে ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ জন আসামিকে অপরাধের গুরুত্ব বিবেচনা করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।
রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। সাজাপ্রাপ্ত আসামিরা এজলাস থেকে বের হওয়ার সময় দায়িত্বরত পুলিশ সদস্যদের সাথে ধাক্কাধাক্কিতে লিপ্ত হন। এ সময় সাজাপ্রাপ্তরা 'জয় বাংলা' স্লোগান দেন এবং চিৎকার করে বলতে থাকেন, "আমরা এই রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।"
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর সাথে এই বিচারিক প্যানেলের অন্য দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
উল্লেখ্য যে, ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যু দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। এই রায়ের মাধ্যমে সেই আলোচিত হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হলো।
Comments