অস্ত্র মামলায় হাদি হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সালকে ১০ বছরের কারাদণ্ড
রাজধানীর আদাবর থানার একটি অস্ত্র মামলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল, ২০২৬) ঢাকার ১৮তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসীন এই রায় ঘোষণা করেন। আসামি বর্তমানে পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।
২০২৪ সালের ৭ নভেম্বর আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে র্যাব-২ অভিযান চালিয়ে ফয়সাল করিমকে আটক করে। তল্লাশিকালে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ওই ঘটনার পরদিন আদাবর থানায় অস্ত্র আইনে মামলা করেন র্যাবের হাবিলদার মশিউর রহমান। তদন্ত শেষে গত বছরের ২৮ মার্চ আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।
বিচার চলাকালীন মোট ১৪ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। সার্বিক তথ্য-প্রমাণ ও সাক্ষ্যের ভিত্তিতে অপরাধ প্রমাণিত হওয়ায় আজ তাকে এই কারাদণ্ড দেওয়া হয়।
মামলার নথিপত্র অনুযায়ী, ফয়সাল করিম এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। গত বছরের ১৭ নভেম্বর পর্যন্ত তিনি এই মামলায় জামিনে ছিলেন। তবে শরীফ ওসমান হাদি হত্যা ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান। সাম্প্রতিক বিভিন্ন সূত্রে জানা গেছে, গত মাসে তিনি ভারতে গ্রেপ্তার হয়েছেন।
উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর বিজয়নগর এলাকায় চলন্ত রিকশায় থাকা অবস্থায় শরীফ ওসমান বিন হাদিকে গুলি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। এই চাঞ্চল্যকর হত্যা মামলায় ফয়সাল করিমকে প্রধান আসামি করা হয়েছে।
Comments