মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার চেষ্টা চলছে: প্রবাসী কল্যাণমন্ত্রী
বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু করার বিষয়ে আলোচনার লক্ষ্যে আগামী বুধবার (৮ এপ্রিল) দেশটির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। মালয়েশিয়া সরকারের আমন্ত্রণে এই সফরে যাচ্ছেন তিনি।
আজ সোমবার (৬ এপ্রিল) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই সফরের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, "দেশটির মন্ত্রণালয় আমাদের আমন্ত্রণ জানিয়েছে। সেখানে আলোচনার পর বিস্তারিত জানানো হবে। আমাদের মূল লক্ষ্য হলো দ্রুততম সময়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত করা।"
শ্রমবাজারে বিভিন্ন সময়ে ওঠা সিন্ডিকেটের অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী কঠোর অবস্থান ব্যক্ত করে বলেন, "আমরা কোনো সিন্ডিকেট বুঝি না; আমরা চাই শ্রমবাজার সবার জন্য উন্মুক্ত থাকুক। বিষয়টি নিয়ে সেখানে জোরালো আলোচনা হবে।"
মন্ত্রী আজ বিমানবন্দরে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহত বাংলাদেশি কর্মী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ গ্রহণ করেন। মামুন সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারিয়েছিলেন। এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ৭ জন বাংলাদেশি কর্মীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ৪ জনের মরদেহ দেশে আনা হয়েছে এবং একজনের দাফন পরিবারের সম্মতিতে সৌদি আরবেই সম্পন্ন হয়েছে।
নিহত কর্মীদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মন্ত্রী বলেন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে দাফন কাজের জন্য ৩৫ হাজার টাকা এবং নগদ ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। এছাড়া অন্যান্য পাওনা ও বিমার টাকা দ্রুত বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে।
Comments