ধর্ম অবমাননার মামলায় জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন প্রখ্যাত বাউল শিল্পী আবুল সরকার। আজ সোমবার (৬ এপ্রিল) বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন।
জামিন প্রদানের পাশাপাশি আদালত একটি রুল জারি করেছেন। আবুল সরকারকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, সরকারের সংশ্লিষ্ট পক্ষগুলোকে কারণ দর্শাতে বলা হয়েছে।
ঘটনার সূত্রপাত হয় গত বছরের ২০ নভেম্বর। ওইদিন রাতে মাদারীপুরের একটি গানের আসর থেকে মানিকগঞ্জ জেলা ডিবি পুলিশের একটি দল আবুল সরকারকে আটক করে।
২১ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মো. আবদুল্লাহ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইন ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে একটি মামলা করেন। ওই দিনই তাকে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ১ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আরও একটি মামলা করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের অধ্যাপক ডা. মো. মাহফুজুর রহমান।
মামলার এজাহার অনুযায়ী, মানিকগঞ্জের একটি মেলার মঞ্চে গান পরিবেশনের সময় আবুল সরকার স্রষ্টাকে নিয়ে 'অশ্রদ্ধা ও কটূক্তিপূর্ণ' মন্তব্য করেছেন বলে অভিযোগ আনা হয়। বাউল শিল্পীর বিরুদ্ধে দণ্ডবিধির ২৯৫ এবং ২৯৫ (ক) ধারায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ আনা হয়েছে।
বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। আজকের এই জামিন আদেশের ফলে তার কারামুক্তিতে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
Comments